একটি দল ত্রাণ ও উদ্ধার সামগ্রী নিয়ে এলাকার দিকে রওনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও হিসাবের বাইরে।

খবর মেলা মাত্রই উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে।
শেষ আপডেট: 14 August 2025 15:00
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলায় মেঘভাঙা বৃষ্টিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। জেলার পাড্ডার তাশোটি এলাকায় হড়পা বানে স্থানীয় একটি লঙ্গরখানা ভেসে গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনার উপর নজর রাখছেন এবং কিস্তওয়ার প্রশাসনের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছেন। কেন্দ্রকে প্রথম বিষয়টি জানান স্থানীয় বিধায়ক সুনীলকুমার শর্মা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খবর মেলা মাত্রই উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে। একটি দল ত্রাণ ও উদ্ধার সামগ্রী নিয়ে এলাকার দিকে রওনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও হিসাবের বাইরে। ডাক্তার ও ওষুধপত্র নিয়ে মেডিক্যাল টিমও বিপর্যস্ত এলাকার দিকে যাচ্ছে। জেলার ডেপুটি কমিশনার পঙ্কজ শর্মা বলেন, হড়পা বানটি হয়েছে চাশোতি এলাকায়। এই জায়গাটি হল মাচাইল মাতা যাত্রার শুরুর পয়েন্ট।
জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বিপর্যস্ত এলাকা ও মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন। যাঁরা জখম হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছেন উপরাজ্যপাল। তিনি জানান, সাধারণ মানুষ, পুলিশ, সেনা, এনডিআরএফ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে জরুরিভিত্তিতে ত্রাণ ও উদ্ধারকার্য চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার, কুপওয়ারা, বারামুল্লা, বন্দিপুরা, শ্রীনগর, গান্ডেরবাল, বদগাঁও ছাড়াও পুঞ্চ, রাজৌরি, রিয়াসি, উধমপুর, জম্মু, ডোডায় আগামী কয়েক ঘণ্টা ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এছাড়াও বেশ কিছু এলাকায় আকাশ ভেঙে বৃষ্টিতে হড়পা বান ও ধসের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।