গগনযান প্রকল্পের জন্য শুক্লার উড়ান-অভিজ্ঞতা তাঁকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য করে তুলেছে। ২,০০০ ঘণ্টার বেশি ফ্লাইং আওয়ার্স রয়েছে তাঁর ঝুলিতে। সুখোই সু-৩০ এমকেআই ছাড়াও উড়িয়েছেন মিগ-২১, মিগ-২৯, জাগুয়ার এবং হক।

শুভাংশু শুক্লা
শেষ আপডেট: 18 November 2025 14:27
দ্য ওয়াল ব্যুরো: ভারতের (India) মানব-অভিযানের নতুন অধ্যায়ে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Subhangshu Shukla)। দেশের অন্যতম দক্ষ টেস্ট পাইলট এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহাকাশচারী (Astronaut) হিসেবে পরিচিত শুক্লা ডিসেম্বর থেকেই আবার যুদ্ধবিমান (Fighter Jet) চালনার প্রশিক্ষণে ফিরবেন। গগনযান প্রকল্পের প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ, জানিয়েছেন তিনি নিজেই।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে শুক্লা বলেন, “আমাদের প্রশিক্ষণের অংশ হিসেবে আবার যুদ্ধবিমান ওড়াতে হবে। ডিসেম্বরেই সেই কাজ শুরু করছি।” কোন বিমান ওড়াবেন, এমন প্রশ্নে তিনি সরাসরি নাম উল্লেখ না করলেও ইঙ্গিত দেন সুখোই সু-৩০ এমকেআই (Sukhoi Su-30 MKI) কিংবা রাফালের (Rafale) দিকে। দীর্ঘদিন সুখোই সু-৩০ এমকেআই চালানো শুক্ল যুদ্ধবিমানের ককপিটে ফেরার ব্যাপারে স্পষ্টভাবেই উচ্ছ্বসিত। তবে আনুষ্ঠানিকভাবে কোনও নির্দিষ্ট মডেলের নাম নিশ্চিত করেননি।
গগনযান প্রকল্পের (Gaganyaan) জন্য শুক্লার উড়ান-অভিজ্ঞতা তাঁকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য করে তুলেছে। ২,০০০ ঘণ্টার বেশি ফ্লাইং আওয়ার্স রয়েছে তাঁর ঝুলিতে। সুখোই সু-৩০ এমকেআই ছাড়াও উড়িয়েছেন মিগ-২১, মিগ-২৯, জাগুয়ার এবং হক। প্রতিটি যুদ্ধবিমানেই দক্ষতার ছাপ রেখেছেন। ফলে যুদ্ধবিমান চালনায় তাঁর প্রত্যাবর্তনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে মহাকাশ গবেষণা মহল। গগনযানের প্রশিক্ষণে যে শুধু মহাকাশযানে নিয়ন্ত্রণ শেখাই নয়, বরং পাইলট হিসেবে পুরনো দক্ষতাও ঝালিয়ে নেওয়া প্রয়োজন, এ দিকটিও স্পষ্ট করে দিচ্ছে এই পদক্ষেপ।
#EXCLUSIVE | Gp Capt Shubhanshu Shukla (@gagan_shux) to return to a fighter cockpit in December. Will it be Sukhoi or Rafale? Here's what he told me #IAF #ISRO #GaganyaanMission @IndiaToday pic.twitter.com/ThwElxw5wL
— Sibu Tripathi 🪂 (@imsktripathi) November 18, 2025
শুক্লার এই অভিযান আরও তাৎপর্যপূর্ণ কারণ তিনি চলতি বছর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (ISS)-এ ভারতের প্রতিনিধিত্ব করে এসেছেন। সেই ঐতিহাসিক অভিযানের পরে এবার তিনি দেশের প্রথম মানব-অভিযানের অংশ হিসেবে ফের প্রস্তুতি নিচ্ছেন।
'গগনযান' অভিযান হল ভারতের প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান। ২০১৮ সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথম এই অভিযানের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কথা ছিল ২০২২ সালেই এই অভিযান হবে। কিন্তু নিরাপত্তার কারণে তা পিছিয়ে ২০২৪ করা হয়। কিন্তু সেই অভিযানও পিছিয়েছে। আপাতত মনে করা হচ্ছে, ২০২৭ সালে এই অভিযান করবে ইসরো।
তবে আগেই মানুষ পাঠানোর আগে এই অভিযানের ট্রায়াল দিতে চলেছে ইসরো। পরীক্ষামূলক এই অভিযানে পাঠানো হবে এক রোবটকে (Robot)! দেশের প্রথম মানবাকৃতি রোবট ‘ব্যোমমিত্রা’কে (Vyommitra) পাঠানো হবে ‘গগনযান’-এর আগের ট্রায়াল অভিযানে (Trial Mission)। এই মিশনের মাধ্যমে মহাকাশযানের সুরক্ষা ও পরিবেশ যাচাইয়ের দায়িত্বে থাকবে রোবটটি।
‘ব্যোমমিত্রা’ নামের অর্থ ‘মহাকাশের বন্ধু’। সংস্কৃত শব্দ ‘ব্যোম’ মানে মহাকাশ এবং ‘মিত্র’ মানে বন্ধু। ২০২০ সালের শুরুতে প্রথমবার ‘ব্যোমমিত্রা’কে সামনে আনে ইসরো। মানুষের মতো মুখভঙ্গি, কণ্ঠ ও বুদ্ধি সম্পন্ন এই রোবট তৈরি হয়েছে ভারতের প্রথম মানববাহী মহাকাশ অভিযান ‘গগনযান’-এর জন্য।