ভিডিওতে দেখা যাচ্ছে, দু’জন নার্স চেয়ারে বসে ছিলেন। হঠাৎ গোটা বিল্ডিং কেঁপে উঠতেই তাঁরা চেয়ার ছেড়ে উঠে দ্রুত নবজাতকদের ক্রিবে হাত রেখে বাচ্চাদের নিরাপদ রাখার চেষ্টা করছেন।

সেই মুহূর্তের ভিডিও
শেষ আপডেট: 15 September 2025 13:49
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধ্যায় উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্য ও সংলগ্ন পশ্চিমবঙ্গ কেঁপে উঠল ভূমিকম্পে (Earthquake)। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৮। সেই ভয়াবহতার মাঝেও মানবিকতার আরও এক রূপ দেখল অসম (humanity viral video Assam earthquake)।
চারদিক যখন কেঁপে উঠেছে, নড়ে উঠেছে পায়ের তলার মাটি, ঠিক সেই সময় অসমের নাগাঁও জেলার একটি বেসরকারি হাসপাতালের নার্সরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নবজাতকদের সুরক্ষিত রাখলেন (nurses save newborns)।
আদিত্য হাসপাতালের এনআইসিইউ (NICU) বা নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই হৃদয়স্পর্শী মুহূর্ত। ভিডিওতে দেখা যাচ্ছে, দু’জন নার্স চেয়ারে বসে ছিলেন। হঠাৎ গোটা বিল্ডিং কেঁপে উঠতেই তাঁরা চেয়ার ছেড়ে উঠে দ্রুত নবজাতকদের ক্রিবে হাত রেখে বাচ্চাদের নিরাপদ রাখার চেষ্টা করছেন। তাঁদের স্থিরতা আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
VIDEO | As an earthquake of 5.8 magnitude shook parts of the northeast region and West Bengal on Sunday, nurses from a hospital in Assam's Nagaon acted heroically, ensuring the safety of newborns as tremors hit the region.
(Source: Third Party)
(Full video available on PTI… pic.twitter.com/MOFUmU93QY— Press Trust of India (@PTI_News) September 15, 2025
অনেকেই যেমন এটা মনে করছেন, এটাই তো ওঁদের কাজ, মানুষের সেবার জন্য নিজেরদের উৎসর্গ করা। ঠিক তেমনই অনেকে এই পক্ষেও সায় দিয়েছেন যে, এটা ওঁদের জীবিকা ঠিকই, তবে চাইলে তো নিজেদের প্রাণের কথাও ভাবতে পারতেন ওঁরা। তা না করে ওই শিশুদের কথা ভেবে নিজেদের তোয়াক্কা করেননি, এই বা কে করে আজকাল এই স্বার্থসর্বস্ব পৃথিবীতে!
সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রথম ধাক্কা ৫.৮ মাত্রার, রেকর্ড করা হয় বিকেল ৪টা ৪১ মিনিটে। দ্বিতীয় কম্পন ৩.১ মাত্রার, ৪টা ৫৮ মিনিটে অনুভূত হয়। এর পর ৫টা ২১ মিনিটে আসে ২.৯ মাত্রার তৃতীয় ভূমিকম্প, যার উপকেন্দ্র ছিল অসমের সোনিতপুর। বাকি তিনটি ধাক্কা লাগে উদালগুড়ি জেলায়, চতুর্থটির মাত্রা ছিল ২.৭ এবং সময় ৬টা ১১ মিনিট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি ওই দিনই উত্তর-পূর্ব সফর শেষ করে কলকাতায় পৌঁছেছিলেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন এবং পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দুর্যোগ মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই মাঠে নেমে ক্ষয়ক্ষতির হিসাব নিচ্ছে। অসম সরকার জনসাধারণের জন্য হেল্পলাইন চালু করেছে - ১০৭৯, ১০৭০, ৯৪০১০৪৪৬১৭ ও ১০৭৭ নম্বরে ফোন করে তথ্য বা সাহায্য পাওয়া যাবে।