মঙ্গলবার রাতেই দিল্লিতে এই বিক্ষুব্ধ সাংসদের সঙ্গে দেখা করেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ এবং ওই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র সিং।

ভোটের মুখে ফের বড় ধাক্কা অসম কংগ্রেসে
শেষ আপডেট: 18 March 2026 09:11
দ্য ওয়াল ব্যুরো: দল ছাড়লেন অসমের প্রবীণ কংগ্রেস নেতা প্রদ্যোৎ বরদলৈ ( MP Pradyot Bordaloi quits party)। অসম থেকে লোকসভায় কংগ্রেসের (Congress) তিন সাংসদের একজন তিনি। কংগ্রেসের প্রাক্তন এই মন্ত্রী তথা বর্তমান এমপি দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে (Mallikarjun Kharge) লেখা চিঠিতে বলেছেন, দলে অসম্মানিত হয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি। তবে সাংসদ পদ ছাড়েননি। দলীয় সভাপতিকে চিঠি লিখে ইস্তফা দেওয়ার বিষয়টিও প্রকাশ্যে জানাননি এখনও।
যদিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে খাড়্গেকে লেখা তাঁর চিঠির কপি। এরপরই অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যেই প্রদ্যোৎকে পদ্ম শিবিরে স্বাগত জানিয়েছেন।
এই প্রবীণ কংগ্রেস নেতা শেষ পর্যন্ত ইস্তফা প্রত্যাহার না করলে বিধানসভা ভোটের (Assam Assembly Election) মুখে কংগ্রেসের আরও বিপদ বাড়বে বলে মনে করা হচ্ছে। গত এক বছরে অসম কংগ্রেসের দু'জন প্রাক্তন রাজ্য সভাপতি দল ছেড়েছেন।
মঙ্গলবার রাতেই দিল্লিতে এই বিক্ষুব্ধ সাংসদের সঙ্গে দেখা করেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ এবং ওই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র সিং।
বৈঠক শেষে গৌরব গগৈ দাবি করেন, প্রদোৎ বরদলৈ দলেই আছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত তাঁকে নিয়ে অপপ্রচার করছেন। যদিও সোমবারই দিল্লি পৌঁছে প্রদ্যোৎ সাংবাদিক বৈঠক ডেকে তাঁর ক্ষোভ উগরে দিয়েছিলেন।
প্রদ্যোতের ক্ষোভের একটি কারণ তাঁর উপর হামলাকারীদের প্রতি দলের নরম মনোভাব। গত পঞ্চায়েত নির্বাচনে প্রচারের সময় তাঁর উপর হামলা হয়েছিল। ওই ঘটনায় ধৃত ব্যক্তি গত মাসে জামিনে মুক্তি পান। প্রদ্যোতের বক্তব্য, ওই আসামিকে জেল গেটে ফুল মালা দিয়ে বিপুল সম্বর্ধনা জানায় দলের একাংশ। যদিও হামলার পর দলের তরফে ওই ঘটনার জন্য শাসক দল বিজেপির দিকে আঙুল করা হয়েছিল।
বিক্ষুব্ধ এই সাংসদ গত সোমবার থেকে দিল্লিতে রয়েছেন। আজ বুধবার কংগ্রেস সভাপতি খাড়্গে তাঁকে ডেকে কথা বলেন কিনা সেদিকে সকলের নজর রয়েছে। তবে একাধিক সূত্রের খবর, অসম কংগ্রেসের প্রভাবশালী এই নেতা বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছেন।