কীভাবে আগুন লেগেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। শি-ইয়োমি পুলিশ একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছে। জানা গিয়েছে, গ্রামটিতে বিদ্যুৎ সংযোগ নেই। তাই আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 August 2025 18:00
দ্য ওয়াল ব্যুরো: অরুণাচল প্রদেশের শি-ইয়োমি জেলায় এক সরকারি স্কুলের হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারাল তৃতীয় শ্রেণির এক ছাত্র (Class 3 Student Burned To Death)। রবিবার ভোররাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছে আরও তিনজন কিশোর।
পুলিশ জানিয়েছে, রাত প্রায় দু’টোয় পাপিকরুং সরকারি আবাসিক স্কুলের ছেলেদের হোস্টেলে আগুন লাগে (Arunachal School Fire)। শি-ইয়োমি জেলার পুলিশ সুপার জানিয়েছেন, আগুনে ঝলসে মৃত্যু হয় আট বছরের তাশি জেমপেন নামের এক ছাত্রের। মৃত পড়ুয়া চাঙ্গো গ্রামের বাসিন্দা ছিল।
ঘটনায় আহতদের নাম লুখি পুজেন (৮), তানু পুজেন (৯) এবং তায়ি পুজেন (১১)। প্রথমে তাঁদের ৮৫ কিলোমিটার দূরের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পশ্চিম সিয়াং জেলার আলো শহরের জোনাল জেনারেল হাসপাতালে। আলো থেকে তাতোর দূরত্ব আরও ১৩০ কিলোমিটার, প্রায় পাঁচ ঘণ্টার পথ। তবে আপাতত আহতদের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে পুলিশ।
কীভাবে আগুন লেগেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। শি-ইয়োমি পুলিশ একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছে। জানা গিয়েছে, গ্রামটিতে বিদ্যুৎ সংযোগ নেই। তাই আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে বলা হয়েছে, কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, তার তদন্ত চলছে।
উল্লেখ্য, পাপিরুং গ্রামটি মোনিগং শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে অবস্থিত। আর এর কিছুটা এগিয়েই আছে ভারতীয় সেনার শেষ পোস্ট তাদাদেগে গ্রামে।