জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা। গুলির লড়াইয়ে খতম হয়েছে দুই জঙ্গি, এলাকাজুড়ে চলছে তল্লাশি অভিযান।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 14 October 2025 11:08
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে এখনও বরফ পড়া শুরু হয়নি। সীমান্ত বরফের চাদরে ঢেকে যাওয়ার আগেই সেখানে বিপুল সংখ্যায় সেনা ও আধা সেনা মোতায়েন করেছে ভারত, সে খবর প্রকাশ করেছিল দ্য ওয়াল। সীমন্ত গ্রামগুলিতেও সেনা ক্যাম্প তৈরি করা হয়েছে। এই তৎপরতা নিকট অতীতে দেখা যায়নি। মনে করা হচ্ছিল, বরফ পড়ার আগেঙ্গেই জঙ্গি অনুপ্রবেশ ঘটতে পারে। আর সেই আশঙ্কাই সত্যি হল! কুপওয়ারা দিয়ে কাশ্মীরে প্রবেশের চেষ্টা করল জঙ্গিরা। কিন্তু তাদের আটকে দিল ভারতীয় সেনা। গুলির লড়াইয়ে এপর্যন্ত খতম দুই জঙ্গি।
জানা যাচ্ছে পহেলগামের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই পদক্ষেপ করেছে সরকার ও সেনা। পহেলগামের হামলাকারীরা বরফ পড়ার আগেই সীমান্তবর্তী গ্রামগুলিতে ঢুকে পড়েছিল। অনেক পরে সেনা ও নিরাপত্তা বাহিনী তাদের উপস্থিতি বুঝতে পারে। প্রায় গোটা কাশ্মীরজুড়েই বিভিন্ন এলাকায় সেনা জঙ্গির লড়াই শুরু হয়ে গিয়েছিল চলতি বছরের মার্চের গোড়া থেকে। এবার আগে থেকেই সতর্ক হয়েছে ভারতীয় সেনা।
জানা যাচ্ছে সোমবার রাতে কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে এলওসি বরাবর টহল দিচ্ছিলেন জওয়ানরা। সেই সময় সীমান্তে সন্দেহজনক নড়াচড়া চোখে পড়ে তাঁদের। সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি অভিযান। হঠাৎ করেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় ভারতীয় সেনা। শুরু হয় প্রবল গুলির লড়াই। শেষ পর্যন্ত মৃত্যু হয় দুই জঙ্গির।
ঘটনার পর এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু হয়েছে। সেনা জানিয়েছে, মাছিল সেক্টরে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল দুই জঙ্গি। সোমবার সন্ধে সাতটা নাগাদ প্রথম তাঁদের গতিবিধি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে সেনা ব্যবস্থা নেয় এবং জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালানো শুরু হয়। কিছুক্ষণ গুলিবিনিময়ের পরই দুই জঙ্গি খতম হয়। তবে এখনও পর্যন্ত তাদেরর পরিচয় জানা যায়নি।
অন্যদিকে, কুপওয়ারা জেলার দুদনিয়াল সেক্টরে সোমবার রাত থেকে টানা একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সেনার ধারণা, জঙ্গিরা অন্য দিক দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল। তাঁদের বিভ্রান্ত করতে একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটানো হয়েছে। এলাকায় এখন ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও নিরাপত্তা বাহিনী।