.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 3 April 2024 14:44
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আইফোন খুলে দেওয়ার 'বেসরকারি' অনুরোধ ফিরিয়ে দিয়েছে অ্যাপল সংস্থা। জানা গিয়েছে, এই প্রথম নয়, এর আগেও অ্যাপলের কাছে ফোন সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিল কেন্দ্রীয় সংস্থা। প্রতিবারই লিখিতভাবে কোনও সাহায্য চাওয়া হয়নি। এবারেও কেজরিওয়ালের বন্ধ এবং লক করে রাখা ফোন আনলক করে দেওয়ার অনুরোধ যায় অ্যাপলের কাছে। তারা তা বাতিল করে দিয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।
গ্রেফতার হওয়ার পর থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তদন্তে অসহযোগিতা করছেন বলে অভিযোগ ইডির। তাই তারা মার্কিন সংস্থা অ্যাপলের সাহায্য চায়। কিন্তু, টেক দুনিয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানটি জানিয়ে দিয়েছে, মোবাইল মালিকের সেট করা পাসওয়ার্ড দিয়েই একমাত্র তাদের ডিভাইস খোলা যায়। সূত্রটি জানিয়েছে, অ্যাপলের কাছে ইডি সরকারিভাবে কোনও অনুরোধ পাঠায়নি। পুরো বিষয়টিই গোপনে সেরেছে। তদন্তে সাহায্য করার জন্য কেজরিওয়ালের ফোন খুলে দিতে বলা হয়েছিল। তৎক্ষণাৎ তা নাকচ করে দিয়েছে অ্যাপল।
গত ২১ মার্চ আবগারি দুর্নীতির তদন্তে কেজরিওয়ালের বাড়িতে কয়েক ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় মুখ্যমন্ত্রীকে। সে সময় কেজরিওয়াল তাঁর আইফোনটি সুইচড অফ করে দেন। এবং ইডির তদন্তকারীদের কাছে পাসওয়ার্ড বলতে অস্বীকার করেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ইডি তাঁর ফোন থেকে আম আদমি পার্টি এবং ইন্ডিয়া জোটের নির্বাচনী কৌশল জেনে নিতে চায়।
গ্রেফতারির সময় কেজরিওয়ালের কাছ থেকে ৭০ হাজার টাকা নগদ এবং মুখ্যমন্ত্রীর স্মার্টফোন সহ চারটি মোবাইল বাজেয়াপ্ত করে। তার আগেই আইফোনটি বন্ধ করে দেন তিনি। প্রসঙ্গত, ২০২০ সালে সৌদি বিমানবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মহম্মদ সাইদ আলশামরানি তিন মার্কিনকে একটি নৌ বিমানঘাঁটিতে মেরে ফেলার পর আমেরিকা সরকার অ্যাপলের কাছে তাঁর ফোনের তথ্য জানতে চেয়েছিল। কারণ, এই ঘটনাকে সন্ত্রাসবাদী কাজ বলে ব্যাখ্যা করেছিল সে দেশের সরকার। সেবারেও এফবিআইয়ের আবেদন ফিরিয়ে দিয়েছিল এই মার্কিন সংস্থা।
তারও আগে ২০১৬ সালে আমেরিকার এক বিচারক জঙ্গি সন্দেহভাজন দুজনের মোবাইলের তথ্য জানতে অ্যাপল কর্তৃপক্ষের কাছে এফবিআইকে সাহায্যের নির্দেশ দিয়েছিলেন। তাতেও অ্যাপল সংস্থা তদন্তকারীদের ফোন সংক্রান্ত সাহায্য করতে অস্বীকার করে। এর জবাবে সংস্থার সিইও টিম কুক বলেন, আমাদের কোম্পানি গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করতে বদ্ধপরিকর। তার থেকেও বেশি নাগরিক স্বাধীনতা এতে ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তাঁর মত।