চারদিন আগেই জ্ঞানশেখরনকে ধর্ষণ সহ ১১টি অপরাধে দোষী ঘোষণা করেছিলেন।

এ জ্ঞানশেখরন। ফাইল ছবি।
শেষ আপডেট: 2 June 2025 11:46
দ্য ওয়াল ব্যুরো: আন্না বিশ্ববিদ্যালয় ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত এ জ্ঞানশেখরনকে ৩০ বছরের কারাদণ্ড দিল চেন্নাইয়ের মহিলা আদালত। সোমবার মহিলা আদালতের বিচারক এম রাজলক্ষ্মী সাজার মেয়াদ ঘোষণা করেন। উল্লেখ্য, গত চারদিন আগেই জ্ঞানশেখরনকে ধর্ষণ সহ ১১টি অপরাধে দোষী ঘোষণা করেছিলেন। এদিন তাকে যাবজ্জীবন কিন্তু নিদেনপক্ষে ৩০ বছর সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়।
কারাদণ্ডের পাশাপাশি জ্ঞানশেখরনকে ৯০ হাজার টাকা জরিমানা করে বিশেষ আদালত। প্রসঙ্গত, তামিলনাড়ুর বিরোধী দলগুলি এর আগে অভিযোগ তুলেছিল যে, তার সঙ্গে শাসকদল ডিএমকে-র বিশেষত উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
গত ২৪ ডিসেম্বর কোট্টাপুরম মহিলা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিত যুবতী। অভিযোগে তিনি বলেন, জ্ঞানশেখরন তাঁকে খুনের হুমকি দিয়েছিল। ওই যুবতী বিশ্ববিদ্যালয় চত্বরেই তাঁর পুরুষ বন্ধুর সঙ্গে সন্ধ্যার দিকে ঘুরছিলেন। সেই সময় তাঁকে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়ে বলে অভিযোগে জানান তিনি।
বিচারে প্রমাণিত হয়, জ্ঞানশেখরন ধর্ষণ করা ও হুমকি দেওয়া ছাড়াও ওই ঘটনা তার মোবাইলে রেকর্ডিং করেছিল। ২৬ ডিসেম্বর নির্যাতিতার পরিচয় ফাঁস হয়ে যাওয়ার পরে মাদ্রাজ হাইকোর্ট এই মামলার তদন্তে একটি সব মহিলাকে নিয়ে গঠিত একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে।
গত ২৪ ফেব্রুয়ারি সিট তদন্ত শেষ করে ১০০ পাতার চার্জশিট পেশ করে আদালতে। ৭ মার্চ এই মামলাটি স্থানান্তরিত হয় মহিলা আদালতে। সেখানেই জ্ঞানশেখরনের বিরুদ্ধে অপরাধের উদ্দেশ্য বিনা অনুমতিতে প্রবেশ, অসদাচরণ আক্রমণ, মহিলাকে অপহরণ, ধর্ষণ, তথ্যপ্রযুক্তি আইন ও তামিলনাড়ুর মহিলা হেনস্তা দমন আইনে চার্জ গঠিত হয়।