নাসা থেকে ইসরো — সাফল্যের শিরোপা তাঁর মাথায়। নাসা-র 'স্পেস অ্যাপস চ্যালেঞ্জ'-এ জিতেছেন পিপসল চয়েস অ্যাওয়ার্ড, ইসরো দিয়েছে ইয়ং অ্যাচিভার অ্যাওয়ার্ড। বয়স অল্প, কিন্তু মাইলফলকের তালিকা লম্বা জাহ্নবীর জন্য।

দাঙ্গেতি জাহ্নবী
শেষ আপডেট: 23 June 2025 20:38
দ্য ওয়াল ব্যুরো: ভারতের অন্ধ্রপ্রদেশের (AndhraPradesh) পালাকোল্লুর এক সাধারণ মেয়ের সামনে এখন অসাধারণ গন্তব্য — মহাকাশ। দাঙ্গেতি জাহ্নবী (Dangeti Jahnavi), বয়স মাত্র ২০, কিন্তু কৃতিত্ব অনেক বেশি। নাসার (NASA) 'ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম' সফলভাবে শেষ করা প্রথম ভারতীয় হিসেবে ২০২৯ সালে তিনি পাড়ি দেবেন মহাকাশের 'টাইটান্স অরবিটাল পোর্ট' স্পেস স্টেশনে।
জাহ্নবী পড়েছেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে। ছোটবেলা কেটেছে পালাকোল্লুতে। বাবা-মা বর্তমানে থাকেন কুয়েতে। আর জাহ্নবী পড়াশোনা আর স্বপ্নকে সঙ্গী করে একেবারে ছুঁয়ে ফেলেছেন মহাকাশযাত্রার দরজা।
তিনি যে শুধু নিজে শিখছেন তা নয়, অন্যদের শেখাচ্ছেনও। ইতিমধ্যে ইসরোর (ISRO) নানা শিক্ষামূলক অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন জাহ্নবী। বক্তৃতা দিয়েছেন দেশের একাধিক এনআইটি-তেও (NIT)। অংশ নিয়েছেন অ্যানালগ মহাকাশ অভিযান, সমুদ্রের গভীরে অভিযানে এবং গ্রহবিজ্ঞানের আন্তর্জাতিক সম্মেলনে।
গ্রহাণু খোঁজার তালিকায় নাম রয়েছে তাঁর। প্রশিক্ষণ নিয়েছেন আইসল্যান্ডেও। জাহ্নবীর পরিশ্রমের ফল মিলেছে আন্তর্জাতিক খাতায়ও। 'প্যান স্টারস'-এর তথ্য বিশ্লেষণ করে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় গ্রহাণু শনাক্ত করেছেন। ছিলেন স্পেস আইসল্যান্ডের জিওলজি প্রশিক্ষণে যাওয়া প্রথম ভারতীয়, এবং সবচেয়ে কমবয়সি বিদেশি অ্যানালগ মহাকাশচারী।
নাসা থেকে ইসরো — সাফল্যের শিরোপা তাঁর মাথায়। নাসা-র 'স্পেস অ্যাপস চ্যালেঞ্জ'-এ জিতেছেন পিপসল চয়েস অ্যাওয়ার্ড, ইসরো দিয়েছে ইয়ং অ্যাচিভার অ্যাওয়ার্ড। বয়স অল্প, কিন্তু মাইলফলকের তালিকা লম্বা জাহ্নবীর জন্য।