মাত্র ৮০০ শব্দে দেশের সবচেয়ে ছোট বাজেট বক্তৃতা করেছিলেন হীরুভাই পটেল, যা আজও অক্ষত রেকর্ড। অন্যদিকে সবচেয়ে লম্বা বাজেট বক্তৃতার রেকর্ড গড়েছেন নির্মলা সীতারমন।

নির্মলা সীতারমন
শেষ আপডেট: 1 February 2026 12:26
দ্য ওয়াল ব্যুরো: সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর নবম বাজেট এটি। একাধিক ক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি বহু উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করলেন। বহু মানুষ এই বাজেট থেকে উপকৃত হবেন, কিছু মানুষ হবে না। তবে, বাজেট মানেই শুধু প্রত্যাশা-নৈরাশ্য নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে কিছু অদ্ভুত তথ্যও— যা ইতিহাসের পাতায় অনায়াসে জায়গা করে নিয়েছে। তার মধ্যেই অন্যতম দেশের সবচেয়ে ছোট বাজেট বক্তৃতার রেকর্ড।
সবচেয়ে ছোট বাজেট স্পিচ, মাত্র ৮০০ শব্দে!
স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে ছোট বাজেট বক্তৃতা করেন হীরুভাই মুলজিভাই পটেল (Hirubhai Muljibhai Patel)। ১৯৭৭ সালে সে সময়ের কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেশ করেছিলেন অন্তর্বর্তী বাজেট (Interim Budget)। আর তাঁর বক্তৃতা ছিল মাত্র ৮০০ শব্দের— যা আজও দেশের সবচেয়ে ছোট বাজেট বক্তৃতা হিসেবে রেকর্ডবুকে রয়ে গিয়েছে।
সবচেয়ে ছোট বাজেট স্পিচ নিয়ে যখন কথা হবে, স্বাভাবিকভাবে উঠবে সবচেয়ে ছোট বাজেট স্পিচের কথা। সবচেয়ে লম্বা বাজেট বক্তৃতার রেকর্ড রয়েছে নির্মলারই। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি সবচেয়ে লম্বা বাজেট বক্তৃতার রেকর্ড করেন তিনি। প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে স্পিচ দেন। ভারতের বাজেট ইতিহাসে এত দীর্ঘ স্পিচ কোনওদিন কেউ দেয়নি। ফলে দেশের সবচেয়ে ছোট বাজেট বক্তৃতার পাশেই সবচেয়ে লম্বাটাও রেকর্ড করা রয়েছে।
সবচেয়ে বেশি বাজেট পেশ— কার দখলে?
ভারতের বাজেট ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট পেশের রেকর্ড রয়েছে মোরারজি দেশাইয়ের (Morarji Desai)। স্বাধীন ভারতের প্রথম দিকের এই নেতা ১৯৫৯ থেকে ১৯৬৪— মোট ছয়টি বাজেট, আর ১৯৬৭ থেকে ১৯৬৯— আরও চারটি বাজেট পেশ করেন। অর্থাৎ মোট ১০ বার।
তালিকার পরের নাম পি. চিদম্বরম (P. Chidambaram)— মোট নয়টি বাজেট। সঙ্গে নির্মলা সীতারমন, মোট নয়টি বাজেট। আর তৃতীয় স্থানে প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)— মোট আটটি বাজেট।