এবার সফরে শাহ কোনও জনসভা করবেন না। কারণ সেইসময় চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam in Bengal)। জনসভা না করে বরং অভিযানে মন দেবে বিজেপি, এমনটাই ইঙ্গিত মিলেছে।
.jpeg.webp)
অমিত শাহ
শেষ আপডেট: 4 February 2026 13:05
দ্য ওয়াল ব্যুরো: ফের বঙ্গ সফরে অমিত শাহ (Amit Shah Bengal Tour)। চলতি মাসেই একগুচ্ছ কর্মসূচি নিয়ে দুদিনের জন্য রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে (2026 WB Assembly Election) সামনে রেখে রাজ্যে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। শাসক- বিরোধী- সব দলই এখন ভোটের প্রচারে সর্বশক্তি দিয়ে মাঠে নেমে পড়েছে। সেই প্রেক্ষিতে অমিত শাহের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ।
গত ৩০ জানুয়ারি কলকাতায় এসেছিলেন শাহ। সে রাতেই এক হোটেলে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বেশকিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল বলে সূত্রে খবর। তারপরদিনই ব্যারাকপুর ও উত্তরবঙ্গের শিলিগুড়িতে একটি মেগা সভা করেন তিনি। কয়েক দিনের ব্যবধানে আগামী ১৮ ফেব্রুয়ারি ফের পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ (Amit Shah)।
সূত্রের খবর, এবার সফরে শাহ কোনও জনসভা করবেন না। কারণ সেইসময় চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam in Bengal)। জনসভা না করে বরং অভিযানে মন দেবে বিজেপি, এমনটাই ইঙ্গিত মিলেছে। জানা যাচ্ছে, এই সফর মূলত সাংগঠনিক বৈঠক কেন্দ্রিক। রাজ্যের নেতাদের সঙ্গে আগামী বিধানসভা ভোটের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনাই নাকি হবে প্রধান লক্ষ্য।
এদিকে, বছরের প্রথম দিন থেকেই রাজনৈতিক দলগুলি রাজ্যের নানা প্রান্তে জনসভা, মিছিল ও সফর চালিয়ে যাচ্ছে। তৃণমূল যেখানে ভোট ধরে রাখতে নানা কর্মসূচি করছে, সেখানে বিজেপিও সমান তৎপর। বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যেই গতি বাড়িয়েছে পদ্ম শিবির। ঠিক সেই কারণেই কেন্দ্রীয় নেতৃত্বদের বারবার রাজ্য সফরকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
গতকাল দিল্লিতে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin Naveen)। তাঁর স্পষ্ট নির্দেশ, কেবল মঞ্চে বক্তৃতা দিলেই চলবে না, বিজেপির নেতাদের মাঠে নামতে হবে, জনসংযোগ বাড়াতে হবে। ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতেই এই নির্দেশ বলে মনে করছে পর্যবেক্ষকরা।