বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩১ অক্টোবর এক বিশাল প্যারেড অনুষ্ঠিত হবে।

আগামিকাল প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী।
শেষ আপডেট: 30 October 2025 15:22
দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের একতা নগরে প্রতিবছর ৩১ অক্টোবর এক বিশাল কুচকাওয়াজের আয়োজন করা হবে। ঠিক যেমনটা হয় সাধারণতন্ত্র দিবসে রাজধানী দিল্লিতে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩১ অক্টোবর এক বিশাল প্যারেড অনুষ্ঠিত হবে। শুধু এ বছরেই নয়, প্রতিবছর দিনটি স্মরণে রাখতে এইভাবে প্যারেডের আয়োজন হবে।
বিহারের পাটনায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সর্দারের দেড়শোতম জন্মবার্ষিকী উপলক্ষে ১-৫ নভেম্বর ভারত পর্ব-২০২৫ পালন করবে সরকার। একতা নগরে ভারত পর্বের ওই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশের বিভিন্ন অঞ্চলের প্রদেশের খাদ্য উৎসবের আয়োজন করা হয়েছে। বিরসা মুন্ডা জয়ন্তীর দিন ১৫ নভেম্বর অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হবে।
শাহ আরও বলেন, আমরা সকলেই জানি, স্বাধীনতা লাভের পর দেশকে এক মানচিত্ররেখায় জুড়তে সর্দার প্যাটেল কত বড় ভূমিকা নিয়েছিলেন। আগামিকাল প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী। রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালনের মধ্য দিয়ে একটি বিশাল প্যারেডের আয়োজন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক ঠিক করেছে, শুধু এইবারেই নয়, প্রতিবছর ৩১ অক্টোবর এই বর্ণাঢ্য শোভাযাত্রা হবে।
তিনি ব্যাখ্যা করে জানান, সাধারণতন্ত্র দিবসেরই ধাঁচে হবে এই কুচকাওয়াজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল ৭টা ৫৫ মিনিটে এই প্যারেডে অংশ নেবেন। ঠিক যেমনভাবে সাধারণতন্ত্রের দিন প্যারেড হয় দিল্লিতে, একইভাবে একতা নগরেও অনুরূপ প্যারেডের আয়োজন করা হয়েছে। ওই প্যারেডে অংশ নেবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও রাজ্য পুলিশ। সশস্ত্র পুলিশ বাহিনীর ১৬টি শাখাই প্যারেডে অংশ নেবে। অপারেশন সিঁদুরে বীরত্বের মেডেল পাওয়া ১৬ জন বিএসএফ জওয়ান ও সিআরপিএফের শৌর্য চক্র পাওয়া পাঁচজন প্যারেডে খোলা জিপে করে যাবেন।