সরকারি সূত্রে খবর, এফসিআরএ (FCRA) আইন বারবার ভাঙার অভিযোগে ওয়াংচুকের প্রতিষ্ঠানের বিদেশি অনুদান নেওয়ার লাইসেন্স খারিজ করা হয়েছে।
.jpeg.webp)
সোনম ওয়াংচুক
শেষ আপডেট: 25 September 2025 18:55
দ্য ওয়াল ব্যুরো: লাদাখের অশান্তির (Ladakh violence) আবহে বড় পদক্ষেপ নিল কেন্দ্র (Central Government)। রাজ্যের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দাবিকে ঘিরে হিংসাত্মক বিক্ষোভের একদিন পরই সমাজকর্মী সোনম ওয়াংচুকের এনজিওর বিদেশি অনুদান (NGO's Foreign Funding License Cancelled) গ্রহণের অনুমতি বাতিল করল কেন্দ্রীয় সরকার।
সরকারি সূত্রে খবর, এফসিআরএ (FCRA) আইন বারবার ভাঙার অভিযোগে ওয়াংচুকের প্রতিষ্ঠানের বিদেশি অনুদান নেওয়ার লাইসেন্স খারিজ করা হয়েছে। অভিযোগ, নিয়ম না মেনে বিদেশ থেকে অর্থ সংগ্রহ করছিল সংগঠনটি। আর তাই লাদাখ অশান্তির ২৪ ঘণ্টার মধ্যেই ওয়াংচুকের এনজিওর লাইসেন্স খারিজ হয়ে গেল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, লাদাখে যে রক্তক্ষয়ী বিক্ষোভ চলছে তা ওয়াংচুকের উসকানিমূলক বক্তৃতার জেরেই হয়েছে। বিক্ষোভকারীরা স্থানীয় বিজেপি দফতর ও নির্বাচন দফতরে হামলা চালায়। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত চার জন, আহত হয়েছেন বহু।
সরকারি সূত্রের খবর, ওয়াংচুকের এনজিওর কাজে বারবার আর্থিক অনিয়ম ধরা পড়েছে। বিদেশি অনুদান আইনের (FCRA) নিয়ম ভেঙে অর্থ লেনদেন হয়েছে বারবার।
তদন্তে উঠে এসেছে, এনজিও সেকমল (SECMOL)-এর নামে খোলা এফসিআরএ অ্যাকাউন্টে অবৈধভাবে টাকা জমা পড়েছে। অভিযোগ, ৩.৩৫ লক্ষ টাকা নগদ জমা পড়েছিল ওই অ্যাকাউন্টে। ওয়াংচুকের সংগঠন জানিয়েছিল, এই অর্থ এসেছে একটি পুরনো বাস বিক্রি করে। বাসটি যেহেতু বিদেশি অনুদানে কেনা হয়েছিল, তাই বিক্রির টাকা ফের অ্যাকাউন্টে রাখা হয় বলে সাফাই দেয় এনজিও। কিন্তু সরকারের বক্তব্য, এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। নগদ অর্থ জমা দেওয়াই আইনের পরিপন্থী।
এছাড়াও, এক সুইডিশ দাতার কাছ থেকে পাওয়া ৪.৯৩ লক্ষ টাকার অনুদান নিয়েও প্রশ্ন তুলেছে সরকার। বলা হয়েছে, ‘যুব সচেতনতা’ শীর্ষক কর্মসূচির জন্য এই অনুদান দেওয়া হলেও, তার বিষয়বস্তু জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও খাদ্য নিরাপত্তা, দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী।
গত ১০ সেপ্টেম্বর এনজিওকে চার দফা প্রশ্নসহ শো-কজ নোটিস দিয়েছিল সরকার। তার জবাবকে সন্তোষজনক বলে মনে করা হয়নি। তারপরই কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেয় কেন্দ্র।
এদিকে, প্রশাসনের অভিযোগ, ওয়াংচুক শুধু আন্দোলনেই উসকানি দেননি, তাঁর সংগঠনেও আর্থিক গরমিল লুকানো ছিল। কেন্দ্রের এই লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত ওয়াংচুককে কার্যত কোণঠাসা করে দিল।