রাজ্যসভা সাংসদ চিদম্বরমের অভিযোগ, নির্বাচন কমিশন (Election Commission) ইচ্ছাকৃতভাবে বিভিন্ন রাজ্যের ভোটার চরিত্র বদলানোর চেষ্টা করছে।

গ্রাফিক্স: দ্য ওয়াল
শেষ আপডেট: 3 August 2025 13:09
দ্য ওয়াল ব্যুরো: বিশেষ ভোটার তালিকা সংশোধনের (Special Intensive Revision) প্রক্রিয়া নিয়ে বিহারে (Bihar) যখন বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই তামিলনাড়ুতে (Tamilnadu) ৬.৫ লক্ষ ‘অতিথি শ্রমিক’কে ভোটার তালিকায় যুক্ত করার অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chidambaram)। তিনি একে ‘উদ্বেগজনক’ এবং ‘বেআইনি’ বলে অভিহিত করেছেন।
রাজ্যসভা সাংসদ চিদম্বরমের অভিযোগ, নির্বাচন কমিশন (Election Commission) ইচ্ছাকৃতভাবে বিভিন্ন রাজ্যের ভোটার চরিত্র বদলানোর চেষ্টা করছে। বিহারের খসড়া ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ ভোটার বাদ পড়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই ভোটারদের মধ্যে ৩৬ লক্ষকে ‘স্থায়ীভাবে স্থানান্তরিত’ বা খুঁজে পাওয়া যায়নি বলে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, তামিলনাড়ুতে ৬.৫ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছে, যাঁদের অধিকাংশই বাইরের রাজ্য থেকে আগত শ্রমিক। এই ঘটনাকে আমি বেআইনি ও আশঙ্কাজনক মনে করছি।”
চিদম্বরমের কথায়, “ওঁদের ‘স্থায়ীভাবে স্থানান্তরিত’ বলা মানে শ্রমিকদের অপমান করা এবং তামিলনাড়ুর নাগরিকদের নিজেদের সরকার বেছে নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা।”
চিদম্বরম প্রশ্ন তোলেন, “একজন পরিযায়ী শ্রমিকের স্থায়ী ঠিকানা থাকে তাঁর নিজ রাজ্যে— বিহার কিংবা অন্য কোথাও। তাহলে তিনি কীভাবে তামিলনাড়ুর ভোটার হতে পারেন?” তাঁর মতে, নির্বাচন কমিশন নিজের ক্ষমতার অপব্যবহার করছে, যা রাজনৈতিক এবং আইনি পথে প্রতিহত করা উচিত।
এই বিষয়ে ডিএমকে-র সাধারণ সম্পাদক দুড়াইমুরুগনও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মন্তব্য, “এঁরা এখানে অতিথি শ্রমিক হিসেবে কাজ করতে এসেছেন। তাঁদের তামিলনাড়ুর ভোটার হিসেবে যুক্ত করলে আগামী দিনে রাজ্যের রাজনৈতিক চরিত্র বদলে যেতে পারে।”
বিহারে প্রায় ৭.৮৯ কোটি ভোটারের তালিকা থেকে ব্যাপক হারে নাম বাদ পড়েছে। এই নিয়েই শুরু হয়েছে বিরোধীদের বিক্ষোভ। যদিও নির্বাচন কমিশনের দাবি, বিগত ২০ বছরে তালিকায় প্রচুর সংযোজন ও বিয়োজন হয়েছে, যার ফলে ডুপ্লিকেট ভোটারের সংখ্যা বেড়েছে। সেই কারণেই তালিকা পুনঃসংশোধনের সিদ্ধান্ত।
চিদম্বরমের অভিযোগ ও সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ভোটার তালিকা নিয়ে বিতর্ককে কেন্দ্র করে আগামী নির্বাচনের আগে এই ইস্যু বড় রাজনৈতিক অস্ত্র হয়ে উঠছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।