ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে এবং দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।

বিমান দুর্ঘটনায় মৃত্যু অজিত পাওয়ারের
শেষ আপডেট: 28 January 2026 10:18
দ্য ওয়াল ব্যুরো: মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে ভেঙে পড়ে বিমান (Plane Crash at Baramati)। সেই বিমানে ছিলেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar Plane Crash)। ঘটনার কিছুক্ষণের মধ্যেই ডিজিসিএ জানিয়ে দেয়, বিমানের ৬ যাত্রীরই মৃত্যু হয়েছে।
এদিন সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। বারামতী বিমাবন্দরে (Baramati Airport) অবতরণের কথা ছিল অজিত পাওয়ারের চার্টার্ড ফ্লাইটটি। কিন্তু তার আগেই জরুরি অবতরণের (Emergency Landing) অনুমতি চেয়েছিলেন পাইলট। এর থেকেই সন্দেহ করা হচ্ছে, বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছিল কিনা। বিমানটি অবতরণের ঠিক আগেই ভেঙে পড়ে সেই রিমোট এলাকায়। সামনের দিকে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। বিমানের পিছনের লেজের কিছু অংশ দেখা যাচ্ছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে।
ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে এবং দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। তবে পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজ শুরু করতে গিয়ে কিছুটা বাধার মুখে পড়তে হয়েছিল উদ্ধারকারীদের।
সূত্রে খবর, দেশের বেসামরিক বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্ত শুরু করবে। দুর্ঘটনার কিছুক্ষণ আগেই পাইলট 'মে ডে' ঘোষণা করেছিলেন। বিমানে যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।
বুধবার একাধিক কর্মসূচি ছিল অজিত পাওয়ারের (Ajit Pawar dies in Plane Crash)। সেইকারণেই সকাল থেকেই ব্যস্ততা ছিল। কিন্তু তাঁর মাঝেই এই ভয়াবহ দুর্ঘটনা। অজিত পাওয়ার ছাড়াও তাঁর দেহরক্ষী, দলের নেতা ও পাইলটের মৃত্যু হয়েছে বলেও খবর।
অন্যদিকে, অজিত পাওয়ারের বাড়িতে একে একে আসতে শুরু করেছেন রাজনৈতিক দলের সদস্যরা। উপমুখ্যমন্ত্রীর স্ত্রী, খুড়তুতো বোন সুপ্রিয়া সুলে (শরদ পাওয়ারের মেয়ে) বারামতীর বাড়িতেই ছিলেন। শীঘ্রই তাঁরা মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবেন।