দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে যাত্রীদের উদ্ধার করতে চেষ্টা করেছিলেন। তবে আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে কেউ আর বিমানের কাছে যেতে পারেননি।
.jpg.webp)
প্রয়াত অজিত পাওয়ার
শেষ আপডেট: 28 January 2026 11:53
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের (Maharashtra Deputy CM Ajit Pawar Death) মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ। বুধবার সকালে বারামতী বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ আগে তিনি যে চার্টার্ড বিমানে ছিলেন, সেটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে আগুন ধরে যায় (Ajit Pawar Plane Crash)। দুর্ঘটনায় অজিত পওয়ার-সহ ছ'জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর দাবি, বিমানের বিপর্যয়টি কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে। তিনি বলেন, “বিমানটি রানওয়ের দিকে নামছিল। আচমকাই প্রায় ১০০ ফুট উচ্চতা থেকে নীচে পড়ে গেল। দেখেই মনে হচ্ছিল, হয়তো ক্র্যাশ করবে- আর ঠিক সেটাই হয়। মাটিতে পড়েই ভয়াবহ বিস্ফোরণ হয়। তারপর আরও চার-পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।”
দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে যাত্রীদের উদ্ধার করতে চেষ্টা করেছিলেন। তবে আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে কেউ আর বিমানের কাছে যেতে পারেননি। দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু পাহাড়ি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে সময় লেগেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মুম্বই থেকে বারামতী (Baramati Plane Crash) যাওয়ার উদ্দেশে সকালেই উড়ান নিয়েছিল লিয়ারজেট-৪৫ মডেলের বিমানটি। অজিত পওয়ার জেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থীদের হয়ে প্রচারে বারামতী যাচ্ছিলেন। বিমানে মোট পাঁচজন ছিলেন- অজিত পওয়ার, দুই পাইলট, একজন কেবিন অ্যাটেনডেন্ট এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। অবতরণের সময়ই বিমানটি নিয়ন্ত্রণ হারায় এবং রানওয়ের পাশে ভেঙে পড়ে (Ajit Pawar died in Plane crash)।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনীতির মহলে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, দলের কর্মী, সমর্থকরা কান্নায় ভেঙে পড়েন। অজিত পওয়ারের খুড়তুতো বোন ও এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলে সোশ্যাল মিডিয়ায় তাঁর শোকার্ত প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
বুধবার সকাল ৮.৪৫ নাগাদ লিয়ারজেট ৪৫ মডেলের বিমানটি উড়ান শুরুর প্রায় এক ঘণ্টা পর অবতরণের চেষ্টা চলাকালীন আচমকাই সমস্যার মুখে পড়ে বিমানটি। মুহূর্তের মধ্যেই সেটি ভেঙে পড়ে (Ajit Pawar News) এবং দাউদাউ করে জ্বলতে শুরু করে। দুর্ঘটনার পর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। চারদিকে ছড়িয়ে পড়ে বিমানের ধ্বংসাবশেষ।
সূত্রের খবর, এই দুর্ঘটনার তদন্তে ডিজিসিএ (DGCA) শীঘ্রই উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করবে। জানা গেছে, দুর্ঘটনার ঠিক আগে পাইলট ‘মে ডে’ সংকেত পাঠিয়েছিলেন। বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, নাকি অন্য কোনও কারণ থেকে এই বিপর্যয়- সব দিক খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।