তদন্তকারীরা বিমানের ব্ল্যাকবক্স (Black Box) উদ্ধার করেছেন। এতে থাকা ফ্লাইট ডেটা রেকর্ডার (Flight Data Recorder) ও ককপিট ভয়েস রেকর্ডার বিশ্লেষণ করে জানা যাবে ঠিক কী কারণে Learjet 45 বিমানটি বিপর্যয়ের মুখে পড়েছিল।

বারামতী বিমান দুর্ঘটনা
শেষ আপডেট: 15 February 2026 16:44
দ্য ওয়াল ব্যুরো: গত জানুয়ারি মাসে বারামতিতে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের প্রয়াত উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar death)। সেই দুর্ঘটনার পর কেটে গিয়েছে কয়েক সপ্তাহ। তদন্ত চলছে। এরইমধ্যে একই ভিডিও ঘিরে তীব্র আলোচনা তৈরি হয়েছে (Ajit Pawar plane crash video)। বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, সেগুলি নাকি দুর্ঘটনাস্থলের। তবে ভিডিওর সত্যতা এখনও যাচাই করা হয়নি।
ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন ঘটনাস্থলে আগুনে পুড়তে থাকা ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে চিৎকার করছেন। প্রায় ১২ সেকেন্ডের ওই ভিডিওর শেষদিকে হঠাৎ একটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়, আর ক্যামেরাও নড়ে ওঠে। আশপাশ থেকেও মানুষের আতঙ্কের চিৎকারের আওয়াজ শোনা যায়।
বারামতির দুর্ঘটনায় (Baramati crash) প্রাণ হারিয়েছেন ৬৬ বছর বয়সী এনসিপি নেতা অজিত পাওয়ার, তাঁর নিরাপত্তারক্ষী, একজন ক্রু সদস্য এবং দু'জন পাইলট।
ইতিমধ্যেই তদন্তকারীরা বিমানের ব্ল্যাকবক্স (Black Box) উদ্ধার করেছেন। এতে থাকা ফ্লাইট ডেটা রেকর্ডার (Flight Data Recorder) ও ককপিট ভয়েস রেকর্ডার বিশ্লেষণ করে জানা যাবে ঠিক কী কারণে Learjet 45 বিমানটি বিপর্যয়ের মুখে পড়েছিল।
এএআইবি-র (Aircraft Accident Investigation Bureau) বিশেষজ্ঞ দল ফরেনসিক তদন্ত শুরু করেছে। এই ঘটনায় দেশের ৪০০টি অনিয়ন্ত্রিত এয়ারস্ট্রিপ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রক সব অনিয়ন্ত্রিত বিমানবন্দর পরিদর্শনের একটি উদ্যোগ শুরু করেছে।
অনেক রাজ্যের ছোট ছোট এয়ারস্ট্রিপে এয়ার ট্রাফিক কন্ট্রোল নেই, নেই পর্যাপ্ত নেভিগেশন সিস্টেম বা আবহাওয়া পর্যবেক্ষণের ব্যবস্থা। এ কারণে ঝুঁকি বাড়ছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
DGCA ও বিভিন্ন রাজ্যের সঙ্গে যৌথভাবে একটি মনিটরিং মেকানিজম তৈরি করার পরিকল্পনা চলছে। কোথায় কোথায় অবকাঠামোর ঘাটতি রয়েছে, কোথায় জরুরি পরিষেবা, যেমন ফায়ারফাইটিং, তা নথিভুক্ত করা হবে।