পুড়ে মৃত্যু হয় ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনেরই। শুধু অবিশ্বাস্যভাবে বেঁচে গেছিলেন বিশ্বাস। একই বিমানে তাঁর ভাই অজয়ও ছিলেন।

বিশ্বাস কুমার রমেশ
শেষ আপডেট: 18 June 2025 14:46
দ্য ওয়াল ব্যুরো: তিনি নিজেই 'মিরাকেল'। আমদাবাদের বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) একমাত্র জীবিত যাত্রী। ঘটনার দিন থেকে স্বাভাবিকভাবেই হাসপাতালে ভর্তি ছিলেন বিশ্বাস কুমার রমেশ (Vishwas Kumar Ramesh)। মঙ্গলবার ভোর রাতে ৬ দিনের মাথায় হাসপাতাল ছাড়া পেয়েছেন (Discharged From Hospital) তিনি। ইতিমধ্যে তাঁর পরিবারের বাকি সদস্যরা তাঁকে নিয়ে দিউ নিজেদের বাড়ি ফিরে গেছেন।
গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমান ভেঙে পড়েছিল (Air India Crash)। শুধু ভেঙে পড়েনি, তাতে বিস্ফোরণও ঘটে। পুড়ে মৃত্যু হয় ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনেরই। শুধু অবিশ্বাস্যভাবে বেঁচে গেছিলেন বিশ্বাস। একই বিমানে তাঁর ভাই অজয়ও ছিলেন। বিশ্বাস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কয়েক ঘণ্টার মাথায় ডিএনএ টেস্ট (DNA Test) হওয়ার পর অজয়ের দেহও তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, বিশ্বাস ছিলেন বিমানের ১১এ সিটে। আর দুর্ঘটনার সময় অজয় বসেছিলেন বিমানের ১১-জে সিটে।
আমদাবাদ সিভিল হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেনডেন্ট ডা. রাকেশ জোশি জানিয়েছেন, বিশ্বাসকে দিউয়ের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য হাসপাতালের তরফে সাহায্যের প্রস্তাব দেওয়া হয়েছিল। পাশাপাশি, বিমান সংস্থাও তাঁদের থাকার জন্য হোটেল রুম দেওয়ার ব্যবস্থা করেছিল। তবে বিশ্বাসের পরিবার জানিয়েছে, তারা নিজেরাই সব ব্যবস্থা করে নিয়েছে।
বিশ্বাসকে যারা প্রথমে দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে দেখেন তারা জানিয়েছেন, তিনি আবার ওই আগুনের গোলার মধ্যে ঢুকে যেতে চাইছিলেন! আসলে নিজের ভাইকে বাঁচানোর চেষ্টা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু স্বাভাবিকভাবেই তা সম্ভব হয়নি।
তাঁকে দুর্ঘটনাস্থল থেকে প্রথম বেরিয়ে আসতে দেখেছিলেন অ্যাম্বুলেন্স চালক সতিন্দর সিং সান্ধু। তাঁর কথায়, ওই যুবক মেডিক্যাল হস্টেলের ওই আগুনের গোলার মধ্যে থেকে হেঁটে বেরিয়ে এসেছিলেন। আমরা দৌড়ে তাঁর কাছে যাই। কিন্তু তিনি আবার ওই আগুনের গোলার মধ্যে যাওয়ার চেষ্টা করছিলেন। তখন তাঁকে আটকানো হয়। পরে জানা যায়, বিমানে তাঁর ভাই ছিলেন।
দুর্ঘটনার পরই বিশ্বাসের একটি ভিডিও সামনে এসেছিল যেখানে দেখা গেছিল, তিনি হাতে ফোন নিয়ে বহাল তবিয়তে হেঁটে চলেছেন। সম্প্রতি তাঁর আরও একটা ভিডিও প্রকাশ্যে (Viral Video) এসেছে। তাতে যা দেখা যাচ্ছে তা সত্যিই অকল্পনীয়। নয়া ভিডিও দেখা যায়, জুনিয়র ডাক্তারদের হস্টেল ভেদ করে ঢুকে গেছে এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Crash)। দাউদাউ করে জ্বলছে সেটি। গোটা এলাকা গাঢ় কালো ধোঁয়ায় ঢেকে গেছে। আচমকা সেই কুণ্ডলীকৃত তাপের গোলার মধ্যে দিয়েই সাদা জামা পরে রমেশ হাতে ফোন নিয়ে বেরিয়ে আসছেন। তাঁকে দেখে ছুটে যাচ্ছেন কয়েকজন। এরপর তাঁরাই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।