মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেও জেদ্দা ও মাসকাটে নিয়মিত উড়ান চালু রেখেছে এয়ার ইন্ডিয়া। একাধিক রুট বন্ধ থাকলেও যাত্রী পরিষেবায় ছেদ পড়তে দেয়নি সংস্থা।

এয়ার ইন্ডিয়া (প্রতীকী ছবি)
শেষ আপডেট: 24 March 2026 10:07
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যের (Middle East) অস্থির পরিস্থিতির মাঝেও উড়ান পরিষেবা চালু রাখছে এয়ার ইন্ডিয়া (Air India)। সংস্থার তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়া (West Asia) রুটে মোট ২৪টি নির্ধারিত ও অনির্ধারিত উড়ান চালানো হবে। এই পরিষেবা যৌথভাবে পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া (Air India) এবং তাদের লো-কস্ট শাখা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express)।
সংস্থার বিবৃতি অনুযায়ী, জেদ্দা (Jeddah) ও মাসকাটে (Muscat) নিয়মিত উড়ান চালু থাকবে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহির (UAE) উদ্দেশে মঙ্গলবার অতিরিক্ত অনির্ধারিত উড়ানের পরিকল্পনাও রয়েছে। ভারত-সৌদি আরব (India-Saudi Arabia) রুটে মোট ১০টি উড়ান চলবে—এর মধ্যে দিল্লি (Delhi) থেকে একটি এবং মুম্বই (Mumbai) থেকে দু’টি রিটার্ন ফ্লাইট চালাবে এয়ার ইন্ডিয়া (Air India)। অন্যদিকে, হায়দরাবাদ (Hyderabad) ও কোঝিকোড় (Kozhikode) থেকে একটি করে উড়ান চালাবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express)। মাসকাটের (Muscat) উদ্দেশে দিল্লি ও মুম্বই থেকে চারটি নির্ধারিত উড়ানও চালু থাকবে।
সংযুক্ত আরব আমিরশাহি (UAE) রুটে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। দুবাইয়ে (Dubai) আপাতত কোনও নির্ধারিত উড়ান নেই, তবে দিল্লির (Delhi) সঙ্গে অ্যাড-হক পরিষেবা চালু রয়েছে। আবুধাবিতেও (Abu Dhabi) শুধুমাত্র অনির্ধারিত উড়ান চলছে—দিল্লি, কোঝিকোড় ও মুম্বই রুটে। তবে রাস আল খাইমাহ (Ras Al Khaimah), শারজা (Sharjah) ও আল আইন (Al Ain)-এর সমস্ত উড়ান আপাতত স্থগিত রাখা হয়েছে।
অন্যান্য গালফ (Gulf) গন্তব্যগুলির মধ্যে, ওমানে (Oman) মাসকাটে (Muscat) পরিষেবা চালু থাকলেও সালালাহ (Salalah)-র উড়ান বন্ধ। সৌদি আরবে (Saudi Arabia) জেদ্দা (Jeddah)-তে পরিষেবা চালু থাকলেও রিয়াধ (Riyadh) ও দাম্মাম (Dammam)-এর উড়ান স্থগিত। বাহরাইন (Bahrain), দোহা (Doha), কুয়েত সিটি (Kuwait City) ও তেল আভিভ (Tel Aviv)-এর জন্য কোনও নির্ধারিত বা অনির্ধারিত উড়ান নেই।
তবে স্বস্তির খবর, উত্তর আমেরিকা (North America), ইউরোপ (Europe), অস্ট্রেলিয়া (Australia) সহ দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক রুটে এয়ার ইন্ডিয়ার (Air India) উড়ান স্বাভাবিকভাবেই চলছে।
যাত্রীদের সুবিধার কথাও মাথায় রেখেছে সংস্থা। স্থগিত রুটে বুকিং থাকলে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই পরবর্তী তারিখে টিকিট বদলানো যাবে বা সম্পূর্ণ টাকা ফেরত পাওয়া যাবে। এয়ার ইন্ডিয়ার (Air India) ওয়েবসাইট বা ২৪x৭ কাস্টমার কেয়ারের মাধ্যমে এই আবেদন করা যাবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express)-এর যাত্রীরাও হোয়াটসঅ্যাপের এআই সহকারী টিয়া (Tia)-র সাহায্যে বুকিং ম্যানেজ করতে পারবেন।
সংস্থার দাবি, পরিস্থিতি বুঝে ভবিষ্যতে আরও অনির্ধারিত উড়ান চালুর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।