বিমানে ক্ষতির সম্ভাবনা থাকায় সেটিকে পুনরায় দিল্লি পাঠানো হয়নি। পরে পুণে থেকে দিল্লির উদ্দেশে নির্ধারিত ফ্লাইট এআই ২৪৭০ বাতিল করে দেওয়া হয়।
.jpeg.webp)
এয়ার ইন্ডিয়ার বিমান
শেষ আপডেট: 20 June 2025 17:33
দ্য ওয়াল ব্যুরো: পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হওয়ায় বাতিল হল এয়ার ইন্ডিয়ার (Air India) পুণে থেকে দিল্লিগামী বিমান। শুক্রবার এই ঘটনার জেরে বিমানসংস্থার পক্ষ থেকে যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থার কথা জানানো হয়েছে।
বিমানটি দিল্লি থেকে পুণে আসার পথে পাখির সঙ্গে ধাক্কা খায় বলে জানা গিয়েছে। যদিও পুণেতে নিরাপদে অবতরণ করে বিমানটি। কিন্তু বিমানে ক্ষতির সম্ভাবনা থাকায় সেটিকে পুনরায় দিল্লি পাঠানো হয়নি। পরে পুণে থেকে দিল্লির উদ্দেশে নির্ধারিত ফ্লাইট এআই ২৪৭০ বাতিল করে দেওয়া হয়।
এক সরকারি বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, “২০ জুন এআই ২৪৭০ নম্বরের বিমানটি পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হওয়ায় বাতিল করা হয়েছে। পুণেতে অবতরণের পর বিষয়টি ধরা পড়ে। বিমানটিকে নিরাপত্তার খাতিরে পরীক্ষা করে দেখা হচ্ছে।”
সংস্থার আরও বক্তব্য, “এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা দুঃখিত। যাত্রী ও ক্রুদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাগ্রে। এই কারণেই কোনও ঝুঁকি না নিয়ে বিমানটিকে অবিলম্বে নামিয়ে আনা হয়।”
এই ফ্লাইট বাতিলের জেরে যাঁরা সমস্যায় পড়েছেন, তাঁদের জন্য এয়ার ইন্ডিয়া পুরো রিফান্ড অথবা বিনামূল্যে নতুন তারিখে ফ্লাইটে রি-বুক করার সুযোগ দিচ্ছে। একইসঙ্গে যাত্রীদের দিল্লি পৌঁছনোর জন্য বিকল্প ব্যবস্থাও করা হচ্ছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
পাখির ধাক্কার ঘটনা নতুন নয়। কিন্তু এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর এহেন ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে। দুর্ঘটনার পর থেকেই বিমানে বাড়তি নজরদারি চালাচ্ছে ডিজিসিএ।
ডিজিসিএ জানিয়েছে, ওই ঘটনার পর এখনও পর্যন্ত ৬৬টি ড্রিমলাইনার উড়ান বাতিল হয়েছে। ১৮ জুন পর্যন্ত ৩৩টি ড্রিমলাইনার বিমানের মধ্যে ২৪টিতে নিরাপত্তা পর্যালোচনা শেষ হয়েছে। দু’টি বিমান এখনও ‘এয়ারক্র্যাফট অন গ্রাউন্ড’ (AOG) তালিকায় রয়েছে, যেগুলি প্রযুক্তিগত কারণে পরিষেবার অযোগ্য।