এয়ার ইন্ডিয়ার AI-114 নম্বর আন্তর্জাতিক বিমানটি নির্ধারিত সূচি অনুযায়ী গত ২১ জুন ব্রিটেনের বার্মিংহাম বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে। কিন্তু বিমানটি যখন মাঝপথে, তখন এয়ার ইন্ডিয়ার অফিসে একটি ইমেল আসে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 June 2025 18:16
দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে বোমার হুমকি! নিরাপত্তার স্বার্থে সৌদি আরবের রিয়াধে জরুরি অবতরণ (Air India Flight From UK's Birmingham To Delhi Diverted To Riyadh) করতে বাধ্য হল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। এই চাঞ্চল্যকর ঘটনাটি গত শনিবারের। তবে বিষয়টি এয়ার ইন্ডিয়ার তরফে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে রবিবার।
জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার AI-114 নম্বর আন্তর্জাতিক বিমানটি নির্ধারিত সূচি অনুযায়ী গত ২১ জুন ব্রিটেনের বার্মিংহাম বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে (Air India flight from Birmingham to Delhi)। কিন্তু বিমানটি যখন মাঝপথে, তখন এয়ার ইন্ডিয়ার অফিসে একটি ইমেল আসে। সেই মেলেই দাবি করা হয়, AI-114 বিমানে বোমা রাখা আছে। বিমানটিকে মাঝ আকাশেই উড়িয়ে দেওয়া হবে।
এই হুমকি পেয়ে কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে তৎপর হন বিমানের পাইলট ও নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকেরা। প্রোটোকল মেনে যাত্রী ও ক্রুদের নিরাপত্তার জন্য সবচেয়ে কাছের সৌদি আরবের রিয়াধ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।
রিয়াধে (Riyadh) অবতরণের পর বিমানটিকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। শুরু হয় তল্লাশি। বিশেষ প্রশিক্ষিত স্কোয়াড দিয়ে একাধিকবার পরীক্ষা করা হয় গোটা বিমানের ভিতর ও বাইরে। কিন্তু দীর্ঘ অনুসন্ধানের পর বিমানে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও এয়ার ইন্ডিয়া।
যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সে জন্য এয়ার ইন্ডিয়ার তরফে তাদের থাকার ও খাওয়ার বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দিল্লিতে পৌঁছনোর জন্য যাত্রীদের জন্য বিকল্প বিমানেরও ব্যবস্থা নেওয়া হয়েছে।
হুমকি-মেলের (Threat Mail) উৎস ও উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া ও আন্তর্জাতিক তদন্তকারী সংস্থাগুলি। এই ধরনের সাইবার হুমকি কতটা গুরুতর তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রাথমিক অগ্রাধিকার—এমনটাই জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
গত ১২ জুন আমদাবাদ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) কেঁপে উঠেছে গোটা দেশ। বিমানবন্দর থেকে টেকঅফের কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। ২৪১ জন যাত্রী, দু'জন পাইলট, ১১ জন ক্রু সদস্য-সহ প্রায় ২৭০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।