এই ঘটনায় চূড়ান্ত সতর্কতার সঙ্গে পুরো পরিস্থিতি সামাল দেন এয়ার ইন্ডিয়ার কর্মীরা - এ কথা জানিয়েছে সংস্থাই।

শেষ আপডেট: 15 January 2026 20:59
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Delhi Airport) দুর্ঘটনায় নাম জড়াল এয়ার ইন্ডিয়ার (Air India)। বিমানসংস্থার একটি এয়ারবাস A350 বিমানে বড় ধরনের বিপত্তি ঘিরে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমানবন্দরে। নিউ ইয়র্কগামী ওই বিমানের এক ইঞ্জিনে ব্যাগেজ কন্টেনার ঢুকে পড়ায় গুরুতর ক্ষতি হয়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার মধ্যে ট্যাক্সিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে (Delhi Airport baggage container incident)। এই ঘটনায় আতঙ্ক নয়, বরং চূড়ান্ত সতর্কতার সঙ্গে পুরো পরিস্থিতি সামাল দেন এয়ার ইন্ডিয়ার কর্মীরা - এ কথা জানিয়েছে সংস্থাই।
ফ্লাইট নম্বর AI101, যা দিল্লি থেকে নিউ ইয়র্ক (JFK) যাচ্ছিল, উড়ানের কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে। কারণ, হঠাৎই বন্ধ হয়ে যায় ইরানের আকাশপথ। ইরান-আমেরিকা টানাপড়েনের জেরে বহু আন্তর্জাতিক বিমানের রুটেই প্রভাব পড়েছে। সেই পরিস্থিতিতে বাধ্য হয়ে দিল্লিতেই ঘুরে আসে এয়ার ইন্ডিয়ার এই বিমান।
সমস্যার আসল সূত্রপাত ঘটে মাটিতে নামার পর। বিমানের চাকা রানওয়ে ছেড়ে ট্যাক্সি-ওয়ের দিকে মোড় নেওয়ার সময় ঘন কুয়াশার মধ্যে একটি ব্যাগেজ কন্টেনার সামনে চলে আসে। সেটিকে টেনে নেয় বিমানটির ডান দিকের ইঞ্জিন। তাতেই ঘটে বড়সড় বিপত্তি। বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইঞ্জিনটি।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, “AI101 ফ্লাইটটি ইরানি আকাশপথের অপ্রত্যাশিত বন্ধ থাকার কারণে দিল্লিতে ফিরে আসতে বাধ্য হয়। ল্যান্ডিংয়ের পর ঘন কুয়াশায় ট্যাক্সিংয়ের সময় বিমানের ডান ইঞ্জিনে 'কিছু' ঢুকে যায়। তার জেরেই ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়।”
তিনি জানান, তার পর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিমানটিকে সঠিকভাবে নির্দিষ্ট পার্কিং বে-তে নিরাপদেই থামানো হয়। বিমানে থাকা যাত্রী এবং ক্রু সম্পূর্ণ সুরক্ষিত।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানটিকে আপাতত গ্রাউন্ড করা হয়েছে। ইঞ্জিনের ক্ষতি কতটা গভীর, তা খতিয়ে দেখা হবে বিস্তারিত তদন্তে। প্রয়োজন হলে ইঞ্জিন বদলানো বা বড় মেরামতির মতো পদক্ষেপও হতে পারে।
এই ঘটনায় কিছু A350 রুটে বিমান চলাচল অনিয়মিত বা কিছু শিডিউল পরিবর্তন হতে পারে বলে যাত্রীদের আগাম সতর্ক করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থার দাবি, ওই বিমানে থাকা যাত্রীদের জন্য বিকল্প যাত্রাব্যবস্থা, রিবুকিং কিংবা সম্পূর্ণ রিফান্ড - সব ধরনের সহায়তাই দেওয়া হবে।
এয়ার ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানিয়েছে, “যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। যাত্রীদের সব রকম সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”
এদিকে, ঘটনার তদন্তে নেমেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। কীভাবে ব্যাগেজ কন্টেনারটি ট্যাক্সি-ওয়ের এত কাছে চলে এল, কীভাবে ইঞ্জিনে ঢুকে পড়ল - তা খতিয়ে দেখছে নিয়ামক সংস্থা।