এই ঘটনা গত তিন দশকে ভারতের এবং এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অসামরিক বিমান দুর্ঘটনা।

শেষ আপডেট: 11 July 2025 09:39
দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে আজ, শুক্রবার, প্রকাশ পেতে পারে প্রাথমিক তদন্ত রিপোর্ট। গত ১২ জুন, আমদাবাদ থেকে উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই লন্ডনগামী ফ্লাইট এআই ১৭১ (AI 171) ভেঙে পড়ে। এই ঘটনায় বিমানে থাকা যাত্রী-সহ বিমান ক্রু সদস্য মিলিয়ে ২৪১ জন নিহত হন। এছাড়া যেখানে বিমানটি ভেঙে পড়ে সেখানে আরও ১৯ জনের মৃত্যু হয়।
এই ঘটনা গত তিন দশকে ভারতের এবং এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অসামরিক বিমান দুর্ঘটনা।
রয়টার্সকে তিনটি সূত্র জানিয়েছে, তদন্তকারী দল শুক্রবার, অর্থাৎ ১১ জুলাই প্রাথমিক রিপোর্ট প্রকাশ করতে পারে। যদিও সরকারিভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি এবং রিপোর্টের মধ্যে কতখানি তথ্য থাকবে, তা এখনও স্পষ্ট নয়।
আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-র নিয়ম অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলিকে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট জমা দিতে হয়। ভারত সেই সদস্য রাষ্ট্রগুলির অন্তর্ভুক্ত হলেও, রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে কিছুটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে।
এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (Aircraft Accident Investigation Bureau - AAIB) এই সপ্তাহেই সংসদীয় কমিটিকে জানায়, তারা কয়েক দিনের মধ্যেই রিপোর্ট প্রকাশ করবে।
একটি বিশেষ সূত্র মারফত বলা হয়েছে, তদন্তে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বিমানের ইঞ্জিন ফুয়েল কন্ট্রোল সুইচের গতিবিধির উপর। এই সুইচগুলি প্লেনের দুটি ইঞ্জিনে জ্বালানি সরবরাহ ও নিয়ন্ত্রণে সাহায্য করে।
তবে এখনও পর্যন্ত তদন্তে কোনও যান্ত্রিক ত্রুটির তাৎক্ষণিক প্রমাণ পাওয়া যায়নি। ফুয়েল সুইচ নিয়ে ঠিক কী ধরণের পদক্ষেপ বা সমস্যা খতিয়ে দেখা হচ্ছে, সেটাও এখনও স্পষ্ট নয়।