সিইও জানান, ফ্লাইটের দুই পাইলটই উড়ানের আগে বাধ্যতামূলক ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা পাশ করেছিলেন এবং তাঁদের শারীরিক অবস্থার ক্ষেত্রেও কোনও সমস্যা পাওয়া যায়নি।

এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন
শেষ আপডেট: 14 July 2025 13:10
দ্য ওয়াল ব্যুরো: দেশের সাম্প্রতিক অতীতের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনার (Air India Plane Crash) এক মাস পর, প্রাথমিক তদন্ত রিপোর্টে কোনও যান্ত্রিক ত্রুটি বা রক্ষণাবেক্ষণজনিত সমস্যা ধরা পড়েনি বলে জানালেন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন। দুর্ঘটনাগ্রস্ত এআই ১৭১ বিমানের ইঞ্জিন বা কাঠামোয় কোনও সমস্যার প্রমাণ মেলেনি বলেও তিনি উল্লেখ করেছেন।
এয়ার ইন্ডিয়ার কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে উইলসন জানান, সম্প্রতি Aircraft Accident Investigation Bureau (AAIB) যে ১৫ পাতার প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে, তার ভিত্তিতেই এই মন্তব্য। তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া জল্পনা, অনুমান ও ‘তত্ত্ব’-এরও সমালোচনা করেন।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিমানের জ্বালানির সুইচ বন্ধ হয়ে গিয়েছিল এবং ইঞ্জিন পুনরায় চালু করার চেষ্টাও করা হয়েছিল। তবে, ক্যাম্পবেল উইলসনের কথায়, "এইসব ব্যাখ্যার বদলে বরং আমরা এটাকে গুরুত্ব দিই যে, প্রাথমিক রিপোর্টে বিমানে কোনও যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণজনিত ত্রুটি ধরা পড়েনি। সমস্ত নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হয়েছিল। জ্বালানির গুণমানেও কোনও সমস্যা ছিল না এবং টেক অফের সময়ও কোনও অস্বাভাবিকতা দেখা যায়নি।"
তিনি আরও জানান, ফ্লাইটের দুই পাইলটই উড়ানের আগে বাধ্যতামূলক ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা পাশ করেছিলেন এবং তাঁদের শারীরিক অবস্থার ক্ষেত্রেও কোনও সমস্যা পাওয়া যায়নি।
এই মন্তব্যে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে এয়ার ইন্ডিয়া, কারণ দুর্ঘটনার পর বিমানসংস্থার রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে তদন্ত এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি, ফলে এএআইবি-র পূর্ণাঙ্গ রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।