পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রবল গরম ও জলশূন্যতার কারণে তাঁর হিট স্ট্রোক হয়েছিল। সভাস্থলেই তিনি জ্ঞান হারান এবং পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।
.jpeg.webp)
অভিনেতা-রাজনীতিক বিজয়
শেষ আপডেট: 13 February 2026 18:41
দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর (Tamil Nadu) সেলেমে অভিনেতা-রাজনীতিক বিজয়ের জনসভায় এক ব্যক্তির মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই কটাক্ষে সরব হল এআইএডিএমকে (AIDMK)। শুক্রবার দলের মুখপাত্র কোভাই সত্যন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তামিলাগা ভেট্রি কাজগম (TVK) প্রধান বিজয়কে (Vijay) আক্রমণ করেন। সেই পোস্টে ইঙ্গিত দেওয়া হয়, ভবিষ্যতে টিভিকে-র সভায় যেতে হলে সঙ্গে কফিন নিয়ে যেতে হতে পারে।
এআইএডিএমকের ওই পোস্টে ব্যবহার করা হয়েছে ভাইরাল ‘ড্যান্সিং পলবিয়ারার্স’-এর ছবি— ঘানার একদল নৃত্যশিল্পী, যাঁরা কফিন কাঁধে নিয়ে ছন্দে ছন্দে নাচের জন্য বিশ্বজুড়ে পরিচিত। পোস্টে কোভাই সত্যনের মন্তব্য, “দেখে মনে হচ্ছে, ভবিষ্যতে টিভিকে-র সভায় যোগ দিতে গেলে প্রত্যেককে নিজের কফিন সঙ্গে নিয়ে যেতে হবে।” এই কটাক্ষের বিষয়ে এখনও পর্যন্ত টিভিকে-র তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সভাস্থলে অসুস্থ হয়ে মৃত্যু
এ দিন সকালে সেলেমে বিজয়ের জনসভায় এক ব্যক্তি আচমকা অসুস্থ হয়ে পড়েন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রবল গরম ও জলশূন্যতার কারণে তাঁর হিট স্ট্রোক হয়েছিল। সভাস্থলেই তিনি জ্ঞান হারান এবং পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্র আরও জানিয়েছে, ওই ব্যক্তির আগে থেকেই হৃদ্রোগজনিত সমস্যা ছিল।
এক্স-এ পোস্ট করে টিভিকে নেতা নির্মল কুমার মৃত ব্যক্তির নাম সূরজ বলে জানান। তাঁর বক্তব্য, অসুস্থ বোধ করার পরই সূরজকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করে শোকপ্রকাশ করেন নির্মল কুমার।
আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ
পুলিশ সূত্রের দাবি, অনুমোদিত ৫ হাজার দর্শকের বদলে সভাস্থলে প্রায় ৭ হাজারের বেশি মানুষকে ঢুকতে দেওয়া হয়েছিল। পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের প্রবেশও পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়নি বলে অভিযোগ। মৃত্যুর সঠিক কারণ নির্ধারিত হওয়ার পর আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনা নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে গত বছরের সেপ্টেম্বরের কারুরে বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনা। সেই ঘটনার পর সেলেমের এই সভায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল বলে প্রশাসনের দাবি। প্রবল পুলিশ মোতায়েন, প্রবেশপথে যানবাহন পরীক্ষা এবং ট্র্যাফিক ডাইভারশন করে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তবু ফের মৃত্যুর ঘটনায় তামিল রাজনীতিতে বিতর্ক আরও তীব্র হল।