দেশের প্রতিটি পরিবারের কাছ থেকে মোট ৩৩টি প্রশ্নের উত্তর সংগ্রহ করবেন সরকারি গণনাকারীরা।

ঘরের অবস্থা ও পরিস্থিতি, পরিবারের সামাজিক-অর্থনৈতিক অবস্থা, মৌলিক ও আধুনিক সুবিধা এবং ডিজিটাল সুযোগসুবিধা মিলছে বা আছে কিনা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। ছবি এআই দিয়ে তৈরি করা।
শেষ আপডেট: 23 January 2026 11:20
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে ভারতের জনগণনা ২০২৭ (Census of India 2027)-এর প্রথম ধাপ—হাউসলিস্টিং ও হাউজিং এনুমারেশন। এই ধাপে দেশের প্রতিটি পরিবারের কাছ থেকে মোট ৩৩টি প্রশ্নের উত্তর সংগ্রহ করবেন সরকারি গণনাকারীরা। বৃহস্পতিবার জারি করা গেজেট বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া মৃত্যুঞ্জয়কুমার নারায়ণ জানান, এই প্রশ্নগুলির মাধ্যমে ঘরের অবস্থা ও পরিস্থিতি, পরিবারের সামাজিক-অর্থনৈতিক অবস্থা, মৌলিক ও আধুনিক সুবিধা এবং ডিজিটাল সুযোগসুবিধা মিলছে বা আছে কিনা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, গণনাকারীরা জানতে চাইবেন, বাড়ির মেঝে, দেওয়াল ও ছাদের নির্মাণসামগ্রী, পরিবারের মোট সদস্য সংখ্যা, বাড়ির মালিকানা অবস্থা, পরিবারের প্রধানের নাম ও লিঙ্গ, পরিবারে বিবাহিত দম্পতির সংখ্যা, পানীয় জলের উৎস, বিদ্যুৎ ও রান্নার জ্বালানি, শৌচাগার ও স্নানঘরের সুবিধা, রেডিও, টিভি, ইন্টারনেট, ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন, বাইসাইকেল, স্কুটার, গাড়ি ইত্যাদি যানবাহনের মালিকানা, পরিবারের প্রধান খাদ্যশস্য এবং যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর। সরকার স্পষ্ট করেছে, এই মোবাইল নম্বর শুধুমাত্র জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্যই ব্যবহৃত হবে। এই ধাপে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজ নিজ সুবিধামতো ৩০ দিনের মধ্যে কাজ শেষ করবে। তার আগে নাগরিকদের জন্য থাকবে ১৫ দিনের স্ব-গণনা (Self Enumeration) করার সুযোগ।
প্রথম ধাপ: হাউসলিস্টিং ও হাউজিং সেনসাস — এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬।
দ্বিতীয় ধাপ: জনসংখ্যা গণনা — ফেব্রুয়ারি ২০২৭।
২০১১ সালের জনগণনা অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ছিল ১২১ কোটি ১ লক্ষ ৯ হাজার। এর মধ্যে পুরুষ ৬২.৩৭ কোটি (৫১.৫৪ শতাংশ) এবং মহিলা ৫৮.৬৪ কোটি (৪৮.৪৬ শতাংশ)।
১. ভবনের নম্বর (মিউনিসিপ্যাল/স্থানীয় কর্তৃপক্ষ/সেন্সাস নম্বর)
২. সেনসাস হাউস নম্বর
৩. মেঝের প্রধান নির্মাণসামগ্রী
৪. দেওয়ালের প্রধান নির্মাণসামগ্রী
৫. ছাদের প্রধান নির্মাণসামগ্রী
৬. বাড়ির ব্যবহার কী কাজে হয়
৭. বাড়ির বর্তমান অবস্থা
৮. পরিবারের সংখ্যা
৯. পরিবারের মোট সদস্য সংখ্যা
১০. পরিবারের প্রধানের নাম
১১. পরিবারের প্রধানের লিঙ্গ
১২. প্রধান ব্যক্তি SC/ST/Other কি না
১৩. বাড়ির মালিকানা অবস্থা
১৪. পরিবারের নিজস্ব কক্ষ সংখ্যা
১৫. পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা
১৬. পানীয় জলের প্রধান উৎস
১৭. পানীয় জলের প্রাপ্যতা
১৮. আলোর প্রধান উৎস
১৯. শৌচাগারের সুবিধা আছে কি না
২০. শৌচাগারের ধরন
২১. বর্জ্য জল নিষ্কাশন ব্যবস্থা
২২. স্নানঘরের সুবিধা
২৩. রান্নাঘর ও LPG/PNG সংযোগ
২৪. রান্নার প্রধান জ্বালানি
২৫. রেডিও/ট্রানজিস্টার
২৬. টেলিভিশন
২৭. ইন্টারনেট অ্যাক্সেস
২৮. ল্যাপটপ/কম্পিউটার
২৯. ফোন/মোবাইল/স্মার্টফোন
৩০. বাইসাইকেল/স্কুটার/মোটরসাইকেল
৩১. গাড়ি/জিপ/ভ্যান
৩২. পরিবারের প্রধান খাদ্যশস্য
৩৩. মোবাইল নম্বর (শুধুমাত্র সেনসাস যোগাযোগের জন্য)
বিশেষজ্ঞদের মতে, এই হাউসলিস্টিং ধাপের তথ্যই ভবিষ্যতে নির্ধারণ করবে সরকারি প্রকল্প, ভর্তুকি, ডিজিটাল পরিষেবা, নগর পরিকল্পনা ও সামাজিক কল্যাণ নীতির রূপরেখা। অর্থাৎ, এই ৩৩টি প্রশ্নের উত্তরই আগামী দশকের ভারতের সামাজিক-অর্থনৈতিক মানচিত্র তৈরি করবে।