সরাসরি অভিযোগ, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোটার তালিকায় হেরফের করে মহারাষ্ট্র বিধানসভা ও কর্নাটক লোকসভা ভোটে জালিয়াতি করেছে নির্বাচন কমিশন।

উদ্ধব ঠাকরে ও রাহুল গান্ধী
শেষ আপডেট: 11 August 2025 19:09
দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধী গ্রেফতারের পরেই ঝড় তুললেন উদ্ধব ঠাকরে। সরাসরি অভিযোগ, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোটার তালিকায় হেরফের করে মহারাষ্ট্র বিধানসভা ও কর্নাটক লোকসভা ভোটে জালিয়াতি করেছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, দেশের সর্বোচ্চ আদালতের কর্তৃত্বকেও খর্ব করার চেষ্টা হয়েছে বলেও তোপ দাগলেন তিনি।
উদ্ধবের প্রশ্ন, “হঠাৎ এত লক্ষ ভোট কোথা থেকে এল? আমাদের প্রত্যেকের ঠিকানায় কি অতিরিক্ত ভোটার যোগ হয়েছে? রাজ্য জুড়ে এই প্রশ্ন তুলতেই হবে।” মহা বিকাশ আঘাড়ি জোটের অভিযোগ— ২০২৪ সালের মে মাসের লোকসভা ভোট ও নভেম্বরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের মধ্যে প্রায় এক কোটি নতুন ভোটার তালিকাভুক্ত হয়। মে মাসে জোট জিতলেও নভেম্বরে বড় হার।
শরদ পাওয়ারের আগের অভিযোগও এদিন তুলে আনেন উদ্ধব। জানান, তাঁকে দু’জন এসে ‘গ্যারান্টি’ দিয়েছিল ২৮৮টির মধ্যে ১৬০টি আসনে জেতানোর— যা নিয়ে জালিয়াতির সন্দেহ আরও ঘনীভূত।
দিল্লিতে ভোট কারচুপির অভিযোগে বিরোধীদের মিছিল চলাকালীন উদ্ধব ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত-সহ বহু নেতাকে আটক করে পুলিশ। আটক হন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীও। পুলিশের সঙ্গে বিস্তর বচসার পর মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, মিতালি বাগরা। পুলিশের দাবি— মিছিলের অনুমতি ছিল না। উদ্ধবের অভিযোগ, তাঁদের নির্বাচন কমিশনের দফতরে নিয়ে যাওয়ার কথা বলে পুলিশের গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়েছে, “এটা গণতন্ত্রে কালিমা।”
রাহুলের গত সপ্তাহের পাওয়ারপয়েন্ট উপস্থাপনার কথাও এদিন স্মরণ করালেন উদ্ধব। সেই প্রেজেন্টেশনে বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে এক লক্ষেরও বেশি ভোটের অনিয়মের প্রমাণ দেখানো হয়েছিল। বিজেপি সিটটি জেতে ৩৩ হাজার ভোটে। “প্রমাণ দেখানোর বদলে নির্বাচন কমিশন হলফনামা চেয়েছে! তারা কি সুপ্রিম কোর্টের চেয়েও বড়?” ক্ষোভ উদ্ধবের গলায়।
বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়েও আক্রমণ করেন তিনি। বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়ার সময় ও পদ্ধতি প্রান্তিক ও সংখ্যালঘু ভোটারদের লক্ষ্য করে— যাঁরা ঐতিহ্যগতভাবে বিরোধী শিবিরে ভোট দেন। ইভিএম হ্যাকিংয়ের অভিযোগে ফের সুর চড়িয়ে উদ্ধব দাবি করেন, বিজেপিরই এক নেতা (নাম প্রকাশ করেননি) তাঁকে দেখিয়েছেন কীভাবে মেশিনে কারচুপি সম্ভব।