তল্লাশি চলাকালীন খালের ধারে পাওয়া যায় রীনার পোশাক, চুড়ি, ব্রেসলেট, স্যান্ডেল-সহ অন্যান্য সামগ্রী। পুলিশে খবর দেওয়া হলে, জলে ডুবুরি নামিয়ে খোঁজ শুরু হয়।

সংগৃহীত ছবি
শেষ আপডেট: 10 August 2025 13:53
দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক অশান্তির জেরে তিন সন্তানকে নিয়ে খালে ঝাঁপ দিলেন এক তরুণী। ঘটনাটি উত্তরপ্রদেশের বান্দা জেলার রিসৌরা গ্রামের। মৃতরা হলেন রীনা, তাঁর ছেলে হিমাংশু (৯), মেয়ে অংশী (৫) এবং ছোট ছেলে প্রিন্স (৩)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে পারিবারিক কিছু জিনিস নিয়ে ওই তরুণীর ঝামেলা বাধে তাঁর স্বামী অখিলেশের সঙ্গে। এরপর রাতেই সন্তানদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। কাউকে কিছু না জানিয়ে চলে যাওয়ায় শনিবার সকালে শ্বশুরবাড়ির লোকেরা খোঁজ শুরু করেন।
তল্লাশি চলাকালীন খালের ধারে পাওয়া যায় রীনার পোশাক, চুড়ি, ব্রেসলেট, স্যান্ডেল-সহ অন্যান্য সামগ্রী। পুলিশে খবর দেওয়া হলে, জলে ডুবুরি নামিয়ে খোঁজ শুরু হয়।
বান্দা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শিব রাজ বলেন, 'আমরা খালের জলস্তর কমিয়ে ডুবুরি মোতায়েন করি। প্রায় পাঁচ-ছ’ঘণ্টা পর খালের জল থেকে ওই তরুণী এবং তাঁর তিন সন্তানের দেহ উদ্ধার হয়। দেহগুলি কাপড় দিয়ে একসঙ্গে বাঁধা ছিল। প্রাথমিক অনুমান, স্বামীর সঙ্গে বিবাদের পর রাতেই তিন বাচ্চাকে নিজের সঙ্গে বেঁধে খালে ঝাঁপ দেন তিনি।'
পুলিশ জানিয়েছে, অখিলেশকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।