বিহারে ট্র্যাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জারি! সেই নথি ব্যবহার করেই নাকি ভোটার তালিকায় নাম ওঠানোর চেষ্টা চলছে। তৃণমূলের অভিযোগ, গরিবদের নাম বাদ দিয়ে ভুয়ো নথিকে গুরুত্ব দিচ্ছে কমিশন।

ট্রাক্টরকেও বাসিন্দার শংসাপত্র!
শেষ আপডেট: 29 July 2025 22:02
দ্য ওয়াল ব্যুরো: কখনও কুকুর, কখনও ট্র্যাক্টর! একের পর এক নজিরবিহীন ঘটনা বিহারে। এবার একটি ট্র্যাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করেছে বিহার সরকার! আর এইসব নথি ব্যবহার করেই নাকি নির্বাচন কমিশনের বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়ায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি মানা হচ্ছে — এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের।
মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফে এক টুইট করে বলা হয়েছে, "আগে কুকুর, এবার ট্র্যাক্টর। দু’জনকেই বিহার সরকার বাসিন্দার শংসাপত্র দিয়েছে। এই সার্টিফিকেটগুলোকেই প্রমাণ হিসেবে গ্রহণ করছে নির্বাচন কমিশনের ‘Special Intensive Revision’ কর্মসূচি, যেখানে ইতিমধ্যেই লাখো গরিব ও প্রান্তিক মানুষের নাম নির্বিচারে ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে।"
তৃণমূলের আরও অভিযোগ, বিষয়টি শুরুতে আমলাতান্ত্রিক হাস্যরসের মতো লাগলেও এখন তা গণতন্ত্রের উপর আঘাতে পরিণত হয়েছে। প্রকৃত নাগরিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, অথচ একটি ট্র্যাক্টরের নাম উঠে আসছে ভোটার তালিকায়! এ যেন নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার সরাসরি অপমান।
First a dog, now a tractor. Both have been issued residential certificates by the Bihar Government.
These very certificates are being accepted as valid proof in @ECISVEEP’s Special Intensive Revision exercise, which has already arbitrarily deleted the names of millions of poor… pic.twitter.com/PEqkan6BNs— All India Trinamool Congress (@AITCofficial) July 29, 2025
রাজনৈতিক মহলের একাংশের মত, এই ঘটনা ভারতের ভোটার যাচাই ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিল। আর এই সুযোগে বিরোধীরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে।
তৃণমূলের এই টুইট সামনে আসতেই নেটমাধ্যমে শুরু হয়েছে প্রবল আলোচনা। অনেকেই কটাক্ষ করে বলছেন, এবার হয়তো গরুর নামেও ভোটার কার্ড বেরোবে!