ঠিক কী কারণে সঞ্জয়কে আক্রমণ করেছে সুরেশ তা এখনও অজানা। তবে অভিযুক্ত জানিয়েছে, তাদের মধ্যে কিছু নিয়ে ঝামেলা চলছিল।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 June 2025 16:55
দ্য ওয়াল ব্যুরো: খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ। নভি মুম্বইয়ে ২২ বছরের এক যুবককে খুন করে হেঁটে গিয়ে টুরভে থানায় নিজেই এসে পৌঁছল খুনি। রাগের মাথাতেই এই খুন হয়েছে বলে অভিযোগ। মাহাপের বাওকুলেশ্বর মন্দিরের পিছনের জঙ্গলে এক ঝর্না থেকে উদ্ধার হয়েছে দেহ। খুনের ঘটনায় ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জয় প্রকাশ বেহরা। যে যুবক তাকে খুন করেছে, তার নাম সুরেশ দুনু হোনহাগা (২০)। তারা দু’জনেই দূর সম্পর্কের আত্মীয়। মাহাপের একই এলাকায় তাদের বাড়ি। ঠিক কী কারণে সঞ্জয়কে আক্রমণ করেছে সুরেশ তা এখনও অজানা। তবে অভিযুক্ত জানিয়েছে, তাদের মধ্যে কিছু নিয়ে ঝামেলা চলছিল। তখনই রাগের মাথায় সঞ্জয়কে ব্লেড দিয়ে আঘাত করে সুরেশ।
পুলিশ আরও জানিয়েছে, সোমবার ঘটেছে এই খুনের ঘটনা। মঙ্গলবার থানায় এসে আত্মসমর্পণ করে সুরেশ। এই ঘটনায় তদন্ত শুরু করেছে ওই থানার পুলিশ। খুনের কথা সামনে আসার পর পুলিশের একটি দল জঙ্গলের মধ্যে দেড় থেকে ২ কিলোমিটার দূরে ঘটনাস্থলে এসে পৌঁছয়।
বাওকুলেশ্বর মন্দিরের পিছনে পাহাড়ি ওই জঙ্গলের মধ্যে পরিত্যক্ত এক ঝর্নার নিচে দেহ পাওয়া গেছে সঞ্জয়ের। তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন, ঘটনার সম্পূর্ণ দিক খতিয়ে দেখার জন্য ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসা প্রয়োজন।