নিহত নাবালিকার পরিবার জানিয়েছে, মঙ্গলবার দুপুরে সে খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর শুরু হয় খোঁজ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 June 2025 14:00
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন ৯ বছরের নাবালিকা (Minor Girl)। পরে তার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার (Bankura) পাত্রসায়েরের (Patrasayer) বলরামপুর শালকোটা গ্রামে। মৃতদেহ উদ্ধারের সময় তার পরনে কোনও বস্ত্র ছিল না। স্থানীয়দের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন এক যুবককে (Accused Person) গ্রামবাসীরা গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহত নাবালিকার পরিবার জানিয়েছে, মঙ্গলবার দুপুরে সে খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর শুরু হয় খোঁজ। সন্ধেয় গ্রাম সংলগ্ন একটি ঝোঁপ থেকে পাওয়া যায় তার বিবস্ত্র দেহ। স্থানীয়দের দাবি, তার গলায় জামা পেঁচানো ছিল, এবং কাছেই খোঁড়া অবস্থায় ছিল একটি গর্ত। গ্রামবাসীদের অভিযোগ, অভিযুক্ত যুবককে দেহ টানতে এবং গর্ত খুঁড়তে দেখা যায়। কিন্তু বিষয়টি জানাজানি হতেই সে পালিয়ে যায়।
পরে উত্তেজিত জনতা ওই যুবককে তাড়া করে ধরে ফেলে এবং ব্যাপক মারধর করে (Mob Lynching)। এই খবর মিলতেই পুলিশ এসে অভিযুক্ত যুবককে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থাতেই সেখানে মৃত্যু হয় ওই তার।
মৃত যুবকের দাদা জানিয়েছেন, তাঁদের পরিবারের সঙ্গে শিশুটির পরিবারের সুসম্পর্ক ছিল। ওই নাবালিকা তাঁদের বাড়িতেই টিউশন পড়ত। তাঁর ভাই এই ঘটনার সঙ্গে কোনও ভাবেই জড়িত নয়। এদিকে এই ঘটনা ঘিরে গ্রামে এখনও প্রবল উত্তেজনা। নিরাপত্তার স্বার্থে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
গ্রামবাসীদের একাংশ অভিযুক্তের পরিবারকে গ্রাম ছাড়ার দাবিও তুলেছেন। দু’টি মৃতদেহই পাঠানো হয়েছে ময়নাতদন্তে। পুলিশ জানিয়েছে, রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া জেলা পুলিশ।