অন্ধ্রপ্রদেশে ঝগড়ার পর ছেলেকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিলেন দম্পতি, শোকে মৃত্যু হয় বৃদ্ধা ঠাকুমার।

দম্পতি ও তাঁদের ছেলে
শেষ আপডেট: 13 October 2025 15:36
দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহের জেরে আত্মঘাতী একই পরিবারের তিন। ঘটনায় দায় কার ঘাড়ে চাপানো যায়, সেনিয়ে দ্বন্দ্বে পুলিশ।
অন্ধ্রপ্রদেশের ঘটনা। রবিবার গভীর রাতে কাপাডা রেলস্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে প্রাণ দেন এক দম্পতি ও তাঁদের দেড় বছরের শিশুপুত্র।
পুলিশ জানিয়েছে, রাতে কাপাডা স্টেশনে লাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন তিনজন। একটি মালগাড়ি আসে এবং কাটা পড়েন তাঁরা। ছিন্নভিন্ন হয়ে যায় তিনজনের দেহ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। শ্রীরামুলু (৩৫), তাঁর স্ত্রী সিরিশা (৩০) এবং ছেলে ঋত্বিকের দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে কাপাডার আরআইএমএস হাসপাতালে ময়নাতদন্তের জন্য।
স্থানীয়রা জানাচ্ছেন, রবিবার সন্ধেয় শ্রীরামুলু ও সিরিশার মধ্যে বচসা বাঁধে। সেই সময় শ্রীরামুলুর ঠাকুমা ওই ঝগড়ার মধ্যে হস্তক্ষেপ করেন ও নাতি-নাতনিকে বকাবকি করেন। রাগে ক্ষোভে ঘর ছেড়ে বেরিয়ে যানতিনজন। তারপরই জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
এখানেই শেষ নয়, এই আত্মহত্যার খবর পাওয়ার পর হার্টঅ্যাটাকে মৃত্যু হয় তাঁদের ঠাকুমারও।