সাম্প্রতিক সময়ে দিল্লিতে বিজেপির নেতৃত্বাধীন প্রশাসন নিয়ে তীব্র আক্রমণ শানান কেজরিওয়াল। অভিযোগ করেন, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ক্ষমতা হারানোর পর দিল্লির পরিষেবা ‘ধসে পড়েছে’।

অরবিন্দ কেজরিওয়াল
শেষ আপডেট: 10 July 2025 08:31
দ্য ওয়াল ব্যুরো: 'আমার নোবেল পুরস্কার (Nobel Prize) প্রাপ্য'! নিজের প্রশাসনিক সাফল্য তুলে ধরে এমন দাবি করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী (Delhi Ex CM) অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। চণ্ডীগড়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেজরিওয়াল মন্তব্য করেন, "আমায় কাজ করতে দেওয়া হয়নি। বারবার বাধা দেওয়া হয়েছে। তবুও আমি লড়ে গেছি। এমন কাজ করেছি যে, প্রশাসন ও সুশাসনের জন্য আমার নোবেল পাওয়া উচিত।"
তাঁর এই মন্তব্য শুনেই কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি (BJP)। দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব বলেন, "নিজের মুখে নিজেকে নোবেল দেওয়ার দাবি হাস্যকর। বরং অযোগ্যতা, বিশৃঙ্খলা ও দুর্নীতির জন্য যদি নোবেল থাকত, তবেই কেজরিওয়াল তা পেতেন।"
সচদেব কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগের কথাও মনে করিয়ে দেন এই প্রসঙ্গে। উল্লেখ করেন - স্কুল ঘর নির্মাণে অনিয়মের কথা, মহিলা পেনশন প্রকল্পে দুর্নীতি, সরকারি বাসে প্যানিক বাটন নিয়ে কেলেঙ্কারি, বিতর্কিত ‘শীশমহল’ অর্থাৎ মুখ্যমন্ত্রীর সরকারি আবাসন সংস্কারে বিপুল অর্থ অপচয়, মদ নীতিতে দুর্নীতির প্রসঙ্গ।
অন্যদিকে, আত্মপক্ষ সমর্থনে কেজরিওয়াল দাবি করেন, তাঁর দল স্বচ্ছতা ও সৎ প্রশাসনের মডেল তৈরি করেছে। তাঁর কথায়, "যদি কোনও সরকার দুর্নীতিগ্রস্ত হয়, তার মডেল একদিনে ভেঙে পড়ে। আমরা দুর্নীতি রুখে মানুষের টাকা বাঁচিয়ে বিনামূল্যে বিদ্যুৎ, স্কুল ও হাসপাতালের উন্নয়ন করেছি।" তিনি স্পষ্ট দাবি করেন, দিল্লি ও পাঞ্জাবে আম আদমি পার্টির সাফল্য প্রমাণ করে যে তাঁর মডেল কার্যকর।
সাম্প্রতিক সময়ে দিল্লিতে বিজেপির নেতৃত্বাধীন প্রশাসন নিয়ে তীব্র আক্রমণ শানান কেজরিওয়াল। অভিযোগ করেন, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ক্ষমতা হারানোর পর দিল্লির পরিষেবা ‘ধসে পড়েছে’। তাঁর দাবি, "আজ মানুষ আমাদের শাসনকেই মনে করছেন। বিজেপি বিধায়করা এখন শাসনের থেকে লুটপাটে বেশি ব্যস্ত।"
তবে বিজেপি সেই দাবিও উড়িয়ে দিয়ে পাল্টা অভিযোগে বলেছে, কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে একের পর এক কেলেঙ্কারি এখনও মানুষের মনে গেঁথে আছে।