হিন্দুত্ব ও সনাতন ধর্ম সঙ্কটের মুখে, এমন অপপ্রচারও শুরু হয়ে যায়। দেশের বিভিন্ন স্থানে থাকা শক্তিপীঠ, জ্যোতির্লিঙ্গ ও অন্যান্য মন্দিরের প্রসাদ নির্মাণেও কঠোর নজরদারি বসে। এবার সেইসব সমস্যা দূর করতে ওই ঘটনার প্রায় একবছর পর তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ একটি উচ্চপ্রযুক্তির খাদ্যমান পরীক্ষা গবেষণাগারের উদ্বোধন করল।

আগে প্রসাদ তৈরির কাঁচামালের নমুনা ভিনরাজ্যের গবেষণাগারে ভেজাল পরীক্ষার জন্য পাঠানো হতো।
শেষ আপডেট: 24 July 2025 14:43
দ্য ওয়াল ব্যুরো: তিরুপতি বালাজির লাড্ডু প্রসাদের ঘিতে পশুর চর্বি আছে। এই অভিযোগ তুলে তেলুগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু রাজ্যের ভোট বৈতরণী পার করে দিয়েছিলেন। প্রাথমিক তদন্তে তিরুপতির প্রসাদ তৈরিতে ভেজাল ঘিয়ের প্রমাণ মেলায় দেশজুড়ে হইচই পড়ে যায়।
এমনকী হিন্দুত্ব ও সনাতন ধর্ম সঙ্কটের মুখে, এমন অপপ্রচারও শুরু হয়ে যায়। দেশের বিভিন্ন স্থানে থাকা শক্তিপীঠ, জ্যোতির্লিঙ্গ ও অন্যান্য মন্দিরের প্রসাদ নির্মাণেও কঠোর নজরদারি বসে। এবার সেইসব সমস্যা দূর করতে ওই ঘটনার প্রায় একবছর পর তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ একটি উচ্চপ্রযুক্তির খাদ্যমান পরীক্ষা গবেষণাগারের উদ্বোধন করল।
তিরুমালা তিরুপতি দেবস্থানম কমিটি জানিয়েছে, আগে প্রসাদ তৈরির কাঁচামালের নমুনা ভিনরাজ্যের গবেষণাগারে ভেজাল পরীক্ষার জন্য পাঠানো হতো। কমিটির চেয়ারম্যান মঙ্গলবার উদ্বোধনের পর জানান, এখন থেকে তিরুমালাতেই সব কাঁচামালের ভেজাল পরীক্ষা করা হবে। তিরুপতির প্রসাদ লাড্ডুর ঘিতে বিভিন্ন পশুচর্বির ইস্যু নিয়ে জলঘোলার পর কমিটি সিদ্ধান্ত নেয়, এখানেই পরীক্ষার ব্যবস্থা করা হবে। এই কাজে সহায়তা করেছে গুজরাতের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড।
কমিটির এক আধিকারিক জানান, এখানে যে সমস্ত মেশিন আনা হয়েছে, তাতে একপলকে বলে দেওয়া সম্ভব ঘিতে আদৌ ভেজাল রয়েছে কিনা এবং শুদ্ধতার পরিমাণ কত শতাংশ। গবেষণার জন্য কর্মী ও রাঁধুনিদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উল্লেখ্য, তিরুমালা তিরুপতি দেবস্থানম হল একটি স্বাধীন সংস্থা যারা রাজ্য সরকারের বদান্যতায় ভুবনবিখ্যাত শ্রীবেঙ্কটেশ্বর স্বামী মন্দির পরিচালনা করে।