অষ্টম পে কমিশন (8th pay commission) নিয়ে সংসদে লিখিত প্রশ্নের জবাব দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক (finance ministry)।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 10 December 2025 16:26
দ্য ওয়াল ব্যুরো: পে কমিশন (Pay commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (central govt employees) যে প্রতীক্ষা চলছিল, তা ঘিরে আবারও অনিশ্চয়তার মেঘ। গত ৩ নভেম্বর অষ্টম পে কমিশন (8th pay commission) তাদের টার্ম অফ রেফারেন্স ঘোষণা করলেও কবে সেই সুপারিশ কার্যকর হবে, সেই প্রশ্নের উত্তর এখনও মিলল না। সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক (finance ministry) জানিয়ে দিল, বাস্তবায়নের তারিখ এখনই বলা যাচ্ছে না।
এতে স্বাভাবিকভাবেই হতাশ ৫০.১৪ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী (central govt employees) এবং ৬৯ লাখ পেনশনভোগী (pensioners), যাঁরা ধারণা করেছিলেন, নতুন বছরের শুরুর সঙ্গেই হয়তো বদলে যাবে তাঁদের বেতন কাঠামো (salary structure), বাড়বে আর্থিক সুবিধা। এখন তাঁদের একটাই প্রশ্ন, “কবে?”
এই প্রশ্নই সংসদে তুলে ধরেন আরএসপি সাংসদ এন কে প্রেমচন্দন, ডিএমকে সাংসদ থিরু থাঙ্গা তামিলসেলভান-সহ আরও কয়েক জন সাংসদ। তাঁদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরি জানান, অষ্টম বেতন কমিশন গঠনের ১৮ মাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্ট হাতে আসার পরই সরকার সিদ্ধান্ত নেবে সুপারিশ কার্যকর করার দিনক্ষণ।
অর্থাৎ, যে তারিখকে কেন্দ্র করে এতদিন ধরে নানা অনুমান ঘুরছিল, ২০২৬ সালের ১ জানুয়ারি, তা আদৌ চূড়ান্ত নয়। বিশেষজ্ঞদের মতে, সরকার এখনও সেই বিষয়ে কোনও স্থির সিদ্ধান্ত নেয়নি।
এর মধ্যেই, বিভিন্ন মহলে জল্পনা ছিল, অষ্টম পে কমিশন কার্যকর হলে কর্মীদের বেসিক বেতনে বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে। এর মধ্যেই এক সর্বভারতীয় সংবাদমাধ্যম 'ফিটমেন্ট ফ্যাক্টর'নিয়ে এক দাবি করে যে, তা ২.৫৭ থেকে ২.৮৬ পর্যন্ত বাড়তে পারে। উদাহরণ হিসেবে ধরা যায়, যাঁদের বেসিক বেতন এখন ১৮ হাজার টাকা, তা দাঁড়াতে পারে ৫১ হাজার ৪৮০ টাকায়। স্বাভাবিকভাবেই এই সম্ভাবনা কেন্দ্রীয় কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি করেছিল।
কিন্তু আপাতত বাস্তব বলছে অন্য কথা। কবে সেই বেতন কাঠামো কার্যকর হবে, সে বিষয় নিয়েই দেখা দিয়েছে সংশয়। সম্ভাবনা এখনও আছে, কিন্তু তা বাস্তবায়নে সময় যে আরও খানিকটা লাগবে, সেটাই স্পষ্ট হয়ে উঠছে।