অধ্যাপক পুলক ঘোষ বর্তমানে আইআইএম বেঙ্গালুরুর চেয়ার প্রফেসর অফ এক্সেলেন্স। কলকাতা থেকে স্নাতক হয়ে পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট বিশ্ববিদ্যালয় ও ইমোরি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।

অধ্যাপক পুলক ঘোষ।
শেষ আপডেট: 29 October 2025 12:42
দ্য ওয়াল ব্যুরো: দেশের ১ কোটি ২০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীর বেতন কাঠামো ও সুবিধা নির্ধারণে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন এক বাঙালি অধ্যাপক। কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবার ৮ম বেতন কমিশনের (8th Central Pay Commission) শর্তাবলী (Terms of Reference ToR) অনুমোদন করেছে। এর মাধ্যমে কেন্দ্রীয় কর্মীদের বেতনবৃদ্ধি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হল।
মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়েছে, ৮ম বেতন কমিশনের চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। তাঁর সঙ্গে কমিশনের সদস্য হিসেবে থাকছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বেঙ্গালুরু (IIMB)-এর বিশিষ্ট বাঙালি অর্থনীতিবিদ ও ডেটা সায়েন্টিস্ট অধ্যাপক পুলক ঘোষ (Professor Pulak Ghosh)। কমিশনের সদস্য-সচিব পদে রয়েছেন পেট্রোলিয়াম সচিব পঙ্কজ জৈন।
অধ্যাপক পুলক ঘোষ বর্তমানে আইআইএম বেঙ্গালুরুর চেয়ার প্রফেসর অফ এক্সেলেন্স। সিদ্ধান্তবিজ্ঞান (Decision Sciences) বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর পাবলিক পলিসির সদস্য। কলকাতা থেকে স্নাতক হয়ে পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট বিশ্ববিদ্যালয় ও ইমোরি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।
২০১৫ সালে তিনি ভারতের সেরা দশ ইনফ্লুয়েনশিয়াল অ্যানালিটিক্স লিডারসের এর তালিকায় একমাত্র শিক্ষাবিদ হিসেবে স্থান পেয়েছিলেন। আন্তর্জাতিক প্রযুক্তি পোর্টাল টেক রাডার (TechRadar) তাঁকে বিশ্বের শীর্ষ ৫ ভারতীয় ডেটা সায়েন্টিস্টের একজন হিসেবে ঘোষণা করেছে।
তা ছাড়া অধ্যাপক পুলক ঘোষ রাষ্ট্রপুঞ্জে বিগ ডেটা অ্যাডভাইসরি গ্রুপ (Big Data Advisory Group (UN Global Pulse), UNESCO-MGEIP, এবং ভারতের নীতি আয়োগের সদস্য হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি কর্নাটক নলেজ কমিশনের সদস্য ও বিগ ডেটা অফ গভর্নেন্স প্রকল্পের (Big Data for Governance) চেয়ারম্যান ছিলেন।
মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানিয়েছেন, কমিশন গঠনের তারিখ থেকে ১৮ মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দিতে হবে। প্রয়োজনে ধাপে ধাপে অন্তর্বর্তী রিপোর্টও প্রকাশ করা যেতে পারে। এই কমিশনের চূড়ান্ত সুপারিশ কার্যকর হতে পারে ১ জানুয়ারি ২০২৬ থেকে, এবং বাস্তবে বেতন বৃদ্ধি প্রতিফলিত হতে পারে ২০২৭ সালের এপ্রিল নাগাদ।
সরকার এখনও আনুষ্ঠানিকভাবে নতুন বেতনস্ল্যাব ঘোষণা করেনি। তবে অর্থনীতিবিদদের অনুমান অনুযায়ী, নতুন ফিটমেন্ট ফ্যাক্টর (fitment factor) ২.৮৬ হলে কেন্দ্রীয় কর্মীদের বেতন মাসে সর্বাধিক ১৯,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।
৭ম বেতন কমিশনে (২০১৬) ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭, যার ফলে ন্যূনতম বেতন ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল — অর্থাৎ ১৫৭% বৃদ্ধি হয়েছিল।
৮ম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে দেশের প্রায় ১.২ কোটি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন। সরকারের মতে, এই প্রক্রিয়া শুধু কর্মচারীদের আয় বৃদ্ধি করবে না, বরং দেশের অর্থনীতির চাহিদা ও আর্থিক ভারসাম্য রক্ষার মধ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রফেসর পুলক ঘোষের মতো একজন ডেটা-নির্ভর বাঙালি অর্থনীতিবিদ এই কমিশনের অংশ হওয়ায় বেতন কাঠামো নির্ধারণে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং তথ্যভিত্তিক নীতি নির্ধারণের ওপর জোর পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।