দিল্লি পুলিশ জানিয়েছে, ‘‘রুটিন সিকিউরিটি ড্রিলের অংশ হিসেবে এই মহড়া হয়েছিল। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ডামি বোমাটি শনাক্ত করতে না পারায় তাঁদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

ফাইল ছবি
শেষ আপডেট: 5 August 2025 13:51
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের ঠিক আগেই বড়সড় গাফিলতি সামনে এল দিল্লির লালকেল্লার (Red Fort) নিরাপত্তা ব্যবস্থায়। নিরাপত্তা মহড়ার সময় এক ডামি (প্রতীকী) বোমা (Bomb) নজর এড়িয়ে যায় কর্তব্যরত পুলিশকর্মীদের। এর জেরে বরখাস্ত (Suspended) করা হয়েছে ৭ পুলিশকর্মীকে (Police), যাঁদের মধ্যে কনস্টেবল ও হেড কনস্টেবলও রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার নিয়মিত নিরাপত্তা মহড়া চলাকালীন দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের একটি দল সাধারণ পোশাকে লালকেল্লার ভিতরে প্রবেশ করে এবং একটি নকল বিস্ফোরক (ডামি বোমা) রেখে দেয়। কিন্তু ওই সময় সেখানে মোতায়েন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা সেটি শনাক্ত করতে ব্যর্থ হন।
দিল্লি পুলিশ জানিয়েছে, ‘‘রুটিন সিকিউরিটি ড্রিলের অংশ হিসেবে এই মহড়া হয়েছিল। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ডামি বোমাটি শনাক্ত করতে না পারায় তাঁদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।’’
১৫ আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। দেশজুড়ে নজর থাকে এই অনুষ্ঠান ঘিরে। তাই লালকেল্লার নিরাপত্তা সর্বোচ্চ স্তরে তোলা হয়। এই প্রেক্ষিতেই প্রতিদিন মহড়া চালানো হচ্ছে, যাতে কোনওরকম নিরাপত্তা ফাঁকি না থাকে।
পুলিশের এই গাফিলতি প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বরখাস্ত হওয়া সাত জন পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।