গুজরাটের পাভাগাধে কালীকামাতা মন্দির চত্বরে রোপওয়ে থেকে ট্রলি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। গুরুতর আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 6 September 2025 19:00
দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের পাভাগাধে দুর্ঘটনা। শনিবার পাহাড়চূড়ায় নির্মীয়মাণ রোপওয়ে থেকে নীচে ভেঙে পড়ল নির্মাণসামগ্রী বহনকারী ট্রলি। ঘটনায় মৃত্যু হয়েছে ছয় জনের, আহত কমপক্ষে চার। মৃতদের মধ্যে দু’জন রোপওয়ে অপারেটরও রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
পঞ্চমহল জেলার ডিএসপি হর্ষ দুধাত জানিয়েছেন, কালী মাতার মন্দিরের জন্য চলতে থাকা রোপওয়ে নির্মাণকাজ চলাকালীন ট্রলিটি ভেঙে পড়ে। ওই ট্রলিতেই সামগ্রী বহন করা হচ্ছিল। ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ যায় ছ’জনের। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। পুলিশ ও জরুরি পরিষেবার কর্মীরা রাতভর উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন, ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হচ্ছে।
উল্লেখ্য, গুজরাতের অন্যতম তীর্থক্ষেত্র পাভাগাধ কালী মন্দির শক্তিপীঠ হিসেবে বিখ্যাত। কথিত আছে, এখানেই পড়েছিল দেবী সতীর ডান পায়ের আঙুল। পাহাড়চূড়ায় অবস্থিত এই মন্দিরে পৌঁছতে সাধারণত ভক্তরা রোপওয়ে ব্যবহার করেন, তার পরে কিছুটা পথ হেঁটে যেতে হয়। ১০-১১ শতকের মূখাবট, প্রাচীন দুর্গবেষ্টনী ও ধর্মশালার জন্যও এই মন্দির সুপরিচিত। প্রতিবছর হাজার হাজার ভক্ত এই মন্দিরে আসেন।
শনিবারের এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন জানিয়েছে, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং রোপওয়ের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে।