
কুলগামে জঙ্গিরা কীভাবে লুকিয়েছিল, তারই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে
শেষ আপডেট: 8 July 2024 07:49
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের কুলগামে লুকিয়ে ছিল জঙ্গিরা। স্থানীয় বাসিন্দারাই তাঁদের গা ঢাকা দিতে সাহায্য করেছিল। কুলগামে গুলির লড়াইয়ের পর সেনার তরফে এমনই দাবি করা হয়েছে। কিন্তু কেন গোটা এলাকা তন্নতন্ন করে খুঁজেও জঙ্গিদের হদিশ পাওয়া যায়নি, এবার সেই উত্তরই যেন জঙ্গি অভিযানের একটি ভিডিও দেখে পরিষ্কার হয়ে গেছে।
কুলগামে জঙ্গিরা কীভাবে লুকিয়েছিল, তারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, বাঙ্কারে পৌঁছনোর জন্য তাদের আস্তানা ছিল আলমারি! নকল আলমারিকে যাতায়াতের পথ হিসাবে ব্যবহার করত জঙ্গিরা। সেই আলমারির ভিতরে একে একে ঢুকে পড়ছেন জঙ্গিরা। তারপরই যেন ভ্যানিস! বাড়ির নীচে গোপন বাঙ্কারে ঢোকার পথ ছিল আলমারি।
Indian Army has discovered a new hideout of terrorists in Kulgam, Kashmir, where they used to hide.
— विवेक सिंह नेताजी (@INCVivekSingh) July 7, 2024
See how a bunker has been built behind the cupboard in the house.#IndianArmy #KulgamEncounter#Kashmir #JammuKashmir #Kulgam pic.twitter.com/TUsWpQU4Qa
গত শনিবার জম্মু-কাশ্মীরের চিন্নিগামে কুলগামে রাতভর সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলে। এনকাউন্টারে মৃত্যু হয় চার জঙ্গির। সেনার তরফে দাবি করা হয়েছে, নিহতেরা সকলেই হিজবুল মুজাহিদ্দিন জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল। নিহত জঙ্গিদের মধ্যে একজন আবার হিজবুল কমান্ডার ছিলেন।
অভিযান শেষ হওয়ার পর সেনার এক আধিকারিক জানিয়েছিলেন, জঙ্গিরা স্থানীয়দের সাহায্য নিয়েই আত্মগোপন করেছিল। তারা ওই বাড়ির ভিতরে রাখা আলমারির ভিতর দিয়ে বাঙ্কারে যাতায়াত করত। যে বাড়িতে জঙ্গিরা আস্তানা নিয়েছিল তা ওই অভিযানের পর কার্যত গুড়িয়ে দেওয়া হয়। আর সেই সময়ই গোপন বাঙ্কারের হদিস পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে স্থানীয়দের মধ্যে কারা জঙ্গিদের মদত দিত, গোটা বিষয়টির তদন্ত শুরু হয়েছে।
দক্ষিণ কাশ্মীরের চিন্নিগাম এবং মোডেরগাম এলাকায় গুলির লড়াই হয়েছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জন জঙ্গি মারা গিয়েছে। শহিদ হয়েছেন ২ জওয়ান। এখনও আরও কয়েকজন সশস্ত্র জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সূত্রের খবর।