জেলা শিক্ষা আধিকারিক মনোজ কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হবে এবং দোষী শিক্ষককে কঠোর শাস্তি দেওয়া হবে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 29 July 2025 08:58
দ্য ওয়াল ব্যুরো: মাত্র পাঁচ মিনিট দেরিতে স্কুলে (School) পৌঁছনোর ‘অপরাধে’ চার ছাত্রীকে ২০০ বার উঠবস করানো হয় বলে অভিযোগ। ফলস্বরূপ, অসুস্থ হয়ে পড়ে তারা, শুরু হয় বমি ও জ্ঞান হারানোর পর একে একে সবাইকে হাসপাতালে (Hospitalized) ভর্তি করতে হয়। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ঘটনা।
পটমদা ব্লকের বাগুন্ডার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের (Kasturba Gandhi Girls' School) আক্রান্ত ছাত্রীরা সবাই দ্বাদশ শ্রেণির ছাত্রী। বর্তমানে তারা জামশেদপুরের এমজিএম হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন। অবস্থাও স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
অভিযুক্ত শিক্ষক ছাত্রীদের দেরিতে আসার জন্য এই কঠোর শাস্তি দেন বলে পরিবার সূত্রে অভিযোগ। প্রথমে তাদের মাচা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হলে পাঠানো হয় এমজিএম হাসপাতালে।
জেলা শিক্ষা আধিকারিক মনোজ কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হবে এবং দোষী শিক্ষককে কঠোর শাস্তি দেওয়া হবে।
ঘটনার পর হাসপাতালে ছাত্রীদের দেখতে যান ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক মঙ্গল কালিন্দি। তিনি জানান, ওই চার ছাত্রীর মধ্যে দু'জন উপোস করেছিল, কারণ পবিত্র শ্রাবণ মাসের সোমবার ছিল দিনটি। এমতাবস্থায় এই ধরনের শারীরিক শাস্তি চরম নিষ্ঠুরতা বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, এই কস্তুরবা বিদ্যালয়ের ছাত্রীরা এর আগে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রশংসিত হয়েছিল। সেই ছাত্রীরাই আজ শিক্ষার মন্দিরে চরম অবমাননার শিকার— ঘটনাটি নিয়ে গোটা রাজ্যে শুরু হয়েছে তীব্র ক্ষোভ।