ইতিমধ্যে ওই এলাকায় কোবরা ব্যাটেলিয়ন-সহ রাজ্য পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী মোতায়েন রয়েছে। আগের থেকে বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 16 July 2025 10:59
দ্য ওয়াল ব্যুরো: মাওবাদী সংঘর্ষে (Maoist Attack) এবার রক্তক্ষয় ঝাড়খণ্ডে (Jharkhand)। বুধবার ভোরে ঝাড়খণ্ডের বোকারো জেলার (Bokaro) গোমিয়া থানা এলাকার বিরহোরডেরা জঙ্গলে সিআরপিএফ ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই হয়। তাতে শহিদ হয়েছেন সিআরপিএফ-এর কোবরা ব্যাটেলিয়নের এক জওয়ান (CRPF Jawan)। একই ঘটনায় নিকেশ হয়েছে দুই মাওবাদীও।
পুলিশ সূত্রে জানা গেছে, এ দিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ শুরু হয় সংঘর্ষ। মাওবাদীদের গতিবিধি সম্পর্কে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী এলাকায় পৌঁছয়। তল্লাশি অভিযান (Search Operation) চলাকালীন আচমকাই শুরু হয় গুলির লড়াই।
গুলি-সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বোকারো রেঞ্জের আইজি ক্রান্তি কুমার গাডিদেসি। তিনি জানান, "এনকাউন্টারে দুই মাওবাদী নিকেশ হয়েছে। আমাদের কোবরা ব্যাটেলিয়নের এক জওয়ান শহিদ হয়েছেন।" এদিকে, বোকারো জেলা পুলিশ সুপার হরবিন্দর সিং জানিয়েছেন, সংঘর্ষের পরে গোটা এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জঙ্গলে আরও মাওবাদী লুকিয়ে থাকতে পারে বলে অনুমান।
ইতিমধ্যে ওই এলাকায় কোবরা ব্যাটেলিয়ন-সহ রাজ্য পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী মোতায়েন রয়েছে। আগের থেকে বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হয়েছে।
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের মার্চের মধ্যে দেশকে সম্পূর্ণ মাওবাদমুক্ত করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সেই লক্ষ্যেই ছত্তীসগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড-সহ একাধিক রাজ্যে চলছে লাগাতার মাওবিরোধী অভিযান।
বিগত কয়েক মাসে এই সব রাজ্যে টানা অভিযানের ফলে ইতিমধ্যে কয়েকশো মাওবাদী নেতা এবং শীর্ষ নেতাকে নিকেশ করতে সক্ষম হয়েছে নিরাপত্তাবাহিনী। পাশাপাশি একাধিক নেতা আত্মসমর্পণও করেছে।