শনিবার তেলঙ্গানা পুলিশের ডিজি বি. শিবধর রেড্ডির কাছে তাঁরা অস্ত্র-সহ আত্মসমর্পণ করেন। পুলিশের হিসেব অনুযায়ী, এই ৩৭ জনের মাথার মোট দাম ছিল প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা।
_0.jpg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 23 November 2025 00:20
দ্য ওয়াল ব্যুরো: তেলঙ্গানায় মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য। একসঙ্গে ৩৭ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন রাজ্য পুলিশের কাছে (Telangana Maoist surrender)। এদের মধ্যে তিন জন আঞ্চলিক কমিটির শীর্ষ নেতা। শনিবার তেলঙ্গানা পুলিশের ডিজি বি. শিবধর রেড্ডির কাছে তাঁরা অস্ত্র-সহ আত্মসমর্পণ করেন। পুলিশের হিসেব অনুযায়ী, এই ৩৭ জনের মাথার মোট দাম ছিল প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা।
আত্মসমর্পণকারী নেতাদের (Maoist leaders surrender) মধ্যে রয়েছেন, কোয়াদা সম্বিয়া ওরফে আজাদ, আপ্পাসি নারায়ণ ওরফে রমেশ, মুচাকি সোমাদা। আজাদ এবং রমেশ তেলঙ্গানায় মাওবাদীদের আঞ্চলিক কমিটির দায়িত্বে ছিলেন। দু’জনের মাথার দাম ছিল ২০ লক্ষ টাকা করে। অন্যদিকে সোমাদা দণ্ডকারণ্য আঞ্চলিক কমিটির নেতা হিসেবে পরিচিত। এছাড়া আত্মসমর্পণকারীদের মধ্যে আরও রয়েছেন ডিভিশনাল কমিটির তিন সদস্য এবং বিভিন্ন এরিয়া কমিটির ন’জন।
পুলিশকে তাঁরা যে অস্ত্র জমা দিয়েছেন, তার মধ্যে রয়েছে, একটি একে-৪৭ রাইফেল (AK-47 surrendered Maoists), দু’টি এসএলআর, চারটি ৩০৩ রাইফেল, একটি জি–৩ রাইফেল এবং মোট ৩৪৬ রাউন্ড গুলি।
তেলঙ্গানার ডিজিপি শিবধর রেড্ডি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি মাওবাদীদের সমাজের মূলস্রোতে ফেরার যে আহ্বান জানিয়েছেন, তাতে সাড়া দিয়ে এই ৩৭ জন আত্মসমর্পণ করেছেন। পাশাপাশি পুলিশের ধারাবাহিক অভিযান, সংগঠনের ভিতরে মতবিরোধ এবং নেতৃত্বের লড়াই, এসব কারণেও অনেক মাওবাদী দলে থাকার আগ্রহ হারাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, আগামী বছরের মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী নেটওয়ার্ক পুরোপুরি নির্মূল করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একই বার্তা দিচ্ছেন নিয়মিত। ছত্তীসগড়, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রের মাওবাদীঘেঁষা এলাকাগুলিতে গত কয়েক মাস ধরে টানা অভিযান চলছে।
সম্প্রতি অন্ধ্রপ্রদেশের জঙ্গলে একটি অভিযানে নিহত হন মাওবাদীদের কুখ্যাত নেতা মাদ্ভী হিডমা। একের পর এক সফল অভিযানের পর এই গণআত্মসমর্পণকে নিরাপত্তাবাহিনীর বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।