চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের প্রাইভেট অ্যামিউজমেন্ট পার্কে যান্ত্রিক গোলযোগের মুখে পড়ে 'জয়রাইড'। সন্ধ্যে ৬ টা নাগাদ আচমকাই বিশাল শব্দ করে থেমে যায় 'টপগান' নামের রাইডটি।

আটকে পড়ল জয়রাইড
শেষ আপডেট: 28 May 2025 14:55
দ্য ওয়াল ব্যুরো: খুশির মুহূর্ত মিনিটেই যেন বদলে গেল আতঙ্কে। মঙ্গলবার বিকেলে তামিলনাড়ুর (Tamilnadu) একটি অ্যামিউজমেন্ট পার্কের 'জয়রাইড' অঘটন (Joyride Malfunctions)। তিন ঘণ্টার ৫০ ফুট উচ্চতায় আটকে রইলেন ৩০ জন। ঠিক কী ঘটেছিল?
জানা যায়, গতকাল চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের প্রাইভেট অ্যামিউজমেন্ট পার্কে যান্ত্রিক গোলযোগের মুখে পড়ে 'জয়রাইড'। সন্ধ্যে ৬ টা নাগাদ আচমকাই বিশাল শব্দ করে থেমে যায় 'টপগান' নামের রাইডটি। প্রথমে কেউ কিছুই বুঝতে পারেননি। পরে যাত্রীরা বুঝতে পারে রাইড খারাপ হয়ে গিয়েছে। মাটি থেকে প্রায় ৫০ ফুট উপরে আটকে রয়েছেন, যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় চিৎকার শুরু করেন সকলে। 'টপগান' রাইডে সেইসময় বেশ কয়েকজন শিশুও ছিলেন।
যাত্রীদের একজন উপর থেকে ভিডিও করেছেন। অভিযোগ, অনেকক্ষণ কাউকে ডাকলেও সাড়া পাওয়া যায়নি। কেউ সাহায্যের জন্য আসেনি। প্রায় তিন ঘণ্টা উপরেই ঝুলন্ত অবস্থায় থাকতে হয় তাঁদের।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলবাহিনী ও উদ্ধারকারী দল। রাত সাড়ে ন'টা নাগাদ উদ্ধারকার্য শুরু হয়। প্রথমে মই ব্যবহার করে যাত্রীদের নামানোর চেষ্টা করলে তা ব্যর্থ হয়। পরে স্কাইলিফট ব্যবহার করে তাঁদের নামানো হয়। ৩৫ জন কর্মী মিলে যাত্রীদের উদ্ধার করেন। উদ্ধার কাজ চলাকালীন আটকে থাকা যাত্রীদের জল-বিস্কুট দেওয়া হয়।
নিচে নেমে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন এক মহিলা। তিনি বলেন, 'আমরা সকলেই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। বাচ্চারা কান্নাকাটি করছিল। অনেকেই ভয়ের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন।'
দমকল সূত্রে খবর, 'যান্ত্রিক ত্রুটির কারণেই জয়রাইড আটকে পড়েছিল বলে অনুমান। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। রক্ষণাবেক্ষণের প্রয়োজন কিনা তাও দেখা হবে।'