শুক্রবার উত্থাপিত ওই প্রস্তাবে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, এই চড়া শুল্ক শুধু ভারতের নয়, আখেরে আমেরিকারই ক্ষতি করছে। ফলে অবিলম্বে তা বাতিল করা প্রয়োজন।
.jpeg.webp)
ডোনাল্ড ট্রাম্প।
শেষ আপডেট: 13 December 2025 10:26
দ্য ওয়াল ব্যুরো: ভারতের পণ্যের উপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আরোপিত ৫০ শতাংশ শুল্ক (50% Tariffs On India) বেআইনি, এই মর্মে মার্কিন সংসদের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস-এ প্রস্তাব পেশ হল (3 US Lawmakers)।
শুক্রবার উত্থাপিত ওই প্রস্তাবে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, এই চড়া শুল্ক শুধু ভারতের নয়, আখেরে আমেরিকারই ক্ষতি করছে। ফলে অবিলম্বে তা বাতিল করা প্রয়োজন।
এই প্রস্তাবের নেপথ্যে রয়েছেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর তিন সদস্য— ডেবোরা রস, মার্ক ভিসে এবং ভারতীয় বংশোদ্ভূত সাংসদ রাজা কৃষ্ণমূর্তি। ভারত ছাড়াও ব্রাজিলের পণ্যের উপর ট্রাম্প যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন, তাকেও বেআইনি বলে উল্লেখ করে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। উল্লেখযোগ্য ভাবে, এটাই এখনও পর্যন্ত আমেরিকার আরোপিত সর্বোচ্চ শুল্কের হার।
প্রসঙ্গত, প্রথমে ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। পরে রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনা বন্ধ না করায় ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়। ফলে মোট শুল্কের হার দাঁড়ায় ৫০ শতাংশে। গত ২৭ অগস্ট থেকে এই শুল্ক কার্যকর হয়, যার জেরে ভারত-আমেরিকা বাণিজ্যে বড় ধাক্কা লাগে।
সংসদে উত্থাপিত প্রস্তাবে বলা হয়েছে, জরুরি ক্ষমতা প্রয়োগ করে ট্রাম্প যে ভাবে বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন, তা সাধারণ মার্কিন নাগরিকদের স্বার্থের পরিপন্থী। বিশেষ করে উত্তর ক্যারোলিনা প্রদেশ এই শুল্কের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন সংসদ সদস্যেরা। ওই প্রদেশের অর্থনীতির সঙ্গে ভারতের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। পাশাপাশি, সেখানে বিপুল ভারতীয় বিনিয়োগ এবং উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত নাগরিকের বাস।
ডেবোরা রস ও রাজা কৃষ্ণমূর্তির বক্তব্য, উত্তর ক্যারোলিনায় বিজ্ঞান, প্রযুক্তি এবং উৎপাদন ক্ষেত্রে ভারতীয় বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শুল্কের ফলে সেই সমস্ত ক্ষেত্রেই ধাক্কা লাগছে। তাঁদের কথায়, “ভারত আমেরিকার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক, অর্থনৈতিক ও কৌশলগত সঙ্গী। বেআইনি এই শুল্ক শেষ পর্যন্ত সাধারণ মার্কিন নাগরিকদের ঘাড়েই বাড়তি খরচের বোঝা চাপাচ্ছে।”
সংসদে বক্তব্য রাখতে গিয়ে রাজা কৃষ্ণমূর্তি বলেন, ট্রাম্পের শুল্কনীতি সরবরাহ শৃঙ্খল ব্যাহত করছে, যার ফলে মার্কিন কর্মীদের ক্ষতি হচ্ছে এবং উৎপাদন খরচ বাড়ছে। তাঁর মতে, শুল্ক প্রত্যাহার করা হলে ভারত-আমেরিকার অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত সহযোগিতা আরও মজবুত হবে।