তামিলনাড়ুর (Tamil Nadu ) কোয়েম্বাতুরে এক কলেজছাত্রীকে ধর্ষণের (Coimbatore Rape) অভিযোগে অভিযুক্ত তিনজনকে পুলিশের গুলিতে (Police) আহত অবস্থায় গ্রেফতার (Arrest) করা হয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 November 2025 09:39
দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর (Tamil Nadu ) কোয়েম্বাতুরে এক কলেজছাত্রীকে ধর্ষণের (Coimbatore Rape) অভিযোগে অভিযুক্ত তিনজনকে পুলিশের গুলিতে (Police) আহত অবস্থায় গ্রেফতার (Arrest) করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বিমানবন্দরের কাছাকাছি এলাকায়, যা নিয়ে ইতিমধ্যেই তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম থাভাসি, করুপ্পাসামি ও কালিস্বরন। সোমবার বিশেষ পুলিশ দল তাঁদের ঘিরে ফেলে এক মন্দিরের কাছে। কিন্তু তখনই তিন অভিযুক্ত হাতে থাকা দা দিয়ে পুলিশের উপর চড়াও হয়। এতে হেড কনস্টেবল চন্দ্রশেখর গুরুতর জখম হন. তাঁর বাঁ হাতের কবজিতে চোট লাগে। আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালায়, যাতে তিন অভিযুক্তের পায়ে গুলি লাগে।
এরপর তাঁদের গ্রেফতার করে কোয়েম্বাতুর জেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশকর্মীকেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের দাবি, তিন অভিযুক্তই শিবগঙ্গা জেলার বাসিন্দা এবং কোয়েম্বাটোরে নির্মাণকাজে যুক্ত ছিল। করুপ্পাসামি ও কালিস্বরন একে অপরের আত্মীয়। তিনজনের বিরুদ্ধেই একাধিক অপরাধের মামলা রয়েছে।
রবিবার রাতে কলেজছাত্রী ও তাঁর এক বন্ধু গাড়িতে বেরিয়েছিলেন। তখনই ওই তিনজন তাঁদের গাড়ি আটকে বন্ধুর উপর হামলা চালিয়ে ছাত্রীটিকে অপহরণ করে নিয়ে যায়। পরে বিমানবন্দরের কাছে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, রাতে বিমানবন্দরের কাছে নিজের পুরুষ বন্ধুর সঙ্গে গাড়িতে বসে গল্প করছিলেন ওই তরুণী। সে সময়ে একটি বাইকে করে ওখানে আসে তিন দুষ্কৃতী। তরুণীকে দেখে কটূক্তি করতে থাকে ও গাড়িতে হামলা চালায়। জোর করে ওই তরুণীর বন্ধুকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন তাঁরা। এর পরে তাঁকে ওই অবস্থায় ফেলে রেখে জোর করে তরুণীকে তুলে নিয়ে চলে যান দুষ্কৃতীরা।
ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি বেসরকারি কলেজের কাছে একটি নির্জন স্থানে তরুণীকে নিয়ে যায় এবং সেখানে তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ। নারকীয় অত্যাচারের পর তরুণীকে বিবস্ত্র অবস্থায় সেখানেই ফেলে রেখে চলে যান দুষ্কৃতীরা।
রাজ্যজুড়ে নিন্দার ঝড়
ঘটনায় তামিলনাড়ু জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। AIADMK সাধারণ সম্পাদক এডাপ্পাড়ি কে পলানিস্বামী অভিযোগ করেছেন, “ডিএমকে সরকারের শাসনে রাজ্যে মহিলাদের নিরাপত্তা ভয়ঙ্করভাবে বিঘ্নিত হয়েছে। আমাদের আমলে তামিলনাড়ু ছিল দেশের সবচেয়ে নিরাপদ রাজ্য।” কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগন বলেন, “মহিলাদের উপর নৃশংস অপরাধের সংখ্যা কমেনি— এই ঘটনাই তারই প্রমাণ।”
রাজ্যের বিজেপি সভাপতি নাইনার নাগেন্দ্রন ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছেন। কোয়েম্বাটোর দক্ষিণের বিধায়ক ও বিজেপির মহিলা মোর্চা নেত্রী বনাথি শ্রীনিবাসন বলেন, “ডিএমকে সরকারের আমলে এই ঘটনাই প্রমাণ করছে, সমাজবিরোধীদের মধ্যে আইনের ভয় আর নেই।”
বিজেপি নেতা কে আন্নামালাইও বলেন, “ডিএমকে ক্ষমতায় আসার পর থেকেই অপরাধীদের মধ্যে শাস্তির ভয় সম্পূর্ণ উধাও। রাজ্যের আইন-শৃঙ্খলা এখন ভয়াবহ অবস্থায়।”