বিশেষ ভোটার তালিকা সংশোধনের এমুমারেশন পর্ব শেষ হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ হল।

২.৮৯ কোটি বাদ যাওয়ায় বর্তমানে যোগীরাজ্যের ভোটার সংখ্যা ১২.৫৫ কোটিতে এসে ঠেকেছে।
শেষ আপডেট: 6 January 2026 17:53
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার উত্তরপ্রদেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল ভারতের নির্বাচন কমিশন। বিশেষ ভোটার তালিকা সংশোধনের এমুমারেশন পর্ব শেষ হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ হল। যাতে এই রাজ্য থেকে প্রায় ২.৮৯ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। আগে উত্তরপ্রদেশে ১৫.৪৪ কোটি ভোটার ছিলেন। সেখান থেকে ২.৮৯ কোটি বাদ যাওয়ায় বর্তমানে যোগীরাজ্যের ভোটার সংখ্যা ১২.৫৫ কোটিতে এসে ঠেকেছে।
উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী অফিসার নবদীপ রিনোয়া এদিন জানান, খসড়া তালিকায় ১৮.৭ শতাংশ ভোটার ছাঁটাই হয়েছে। প্রতি পাঁচজনের মধ্যে একজনের নাম বাদ গিয়েছে। নির্বাচন আধিকারিক এক বিবৃতিতে বলেছেন, ১৫,৪৪, ৩০,০৯২ জন ভোটারের মধ্যে ১২,৫৫,৫৬,০২৫ জন এনুমারেশন ফর্ম ফিলআপ করে শেষদিনের মধ্যে জমা দিয়েছেন। যাতে বোঝা গিয়েছে, কী অদম্য উৎসাহে এই কাজ হয়েছে।
বিবৃতিতে জানা গিয়েছে, ভোটার তালিকা থেকে ছাঁটাইয়ের মধ্যে মৃত প্রায় ৪৬.২৩ লক্ষ (২.৯৯ শতাংশ), রাজ্য ছেড়ে চলে গিয়েছেন ২.১৭ কোটি (১৪.০৬ শতাংশ) এবং ডুপ্লিকেট কার্ড রয়েছে ২৫.৪৬ লক্ষ (১.৬৫ শতাংশ)। নির্বাচন দফতর সূত্র জানিয়েছে, প্রকৃত ভোটারের নাম এর পরেও তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে। দাবি ও আপত্তিপত্র দেওয়ার সময়সীমা ৬ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তাঁদের ৬ নম্বর ফর্ম ফিলআপ করতে হবে।
নির্বাচন কমিশন অতি সম্প্রতি তামিলনাড়ু ও গুজরাতে এই কাজ শেষ করেছে। যেখানে তামিলনাড়ুতে ৯৭ লক্ষ ও গুজরাতে ৭৪ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। অসমে বাদ গিয়েছে ১০.৫৬ লক্ষ নাম।
কমিশনের তথ্য অনুসারে উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে সবথেকে বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। লখনউতে এর আগে ভোটার ছিল ৩৯.৯ লক্ষ ভোটার। এখন তা কমে ২৭.৯ লক্ষ হয়েছে, প্রায় ৩০ শতাংশ ভোটার কমেছে লখনউতে। একইভাবে ললিতপুরে আগে ছিল সাড়ে ৯ লক্ষ, এখন তা ১০ শতাংশ কমে হয়েছে ৮.৬ লক্ষ।