বিচারপতি আরএন লাড্ডার বেঞ্চ কেন্দ্রের আবেদন মঞ্জুর করে জানায়, ওই নিম্ন আদালতের নির্দেশ "আইনবিরুদ্ধ"। ফলে ফের নতুন করে শুরু করা যাবে জুন্দালের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া।

মুম্বই হামলার ট্রায়াল শুরু হল বলে
শেষ আপডেট: 4 November 2025 08:29
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন স্থগিত থাকার পর ফের শুরু হতে চলেছে ২৬/১১ মুম্বই জঙ্গি হামলায় (26/11 Mumbai Attack) অভিযুক্ত জাবিউদ্দিন আনসারি ওরফে আবু জুন্দালের মামলার বিচারপর্ব। সোমবার বম্বে হাইকোর্ট (Bombay High Court) এক নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দিয়েছে, যেখানে তদন্তকারী সংস্থাগুলিকে অভিযুক্তের হাতে গোপন নথি তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
বিচারপতি আরএন লাড্ডার বেঞ্চ কেন্দ্রের আবেদন মঞ্জুর করে জানায়, ওই নিম্ন আদালতের নির্দেশ "আইনবিরুদ্ধ"। ফলে ফের নতুন করে শুরু করা যাবে জুন্দালের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে হামলা চালিয়েছিল লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের দশ সদস্যের একটি দল। সেই ভয়াবহ ঘটনায় প্রাণ হারান ১৬৬ জন, যাঁদের মধ্যে বিদেশিরাও ছিলেন। তদন্তে জানা গিয়েছে, জুন্দালই পাকিস্তানের করাচির নিয়ন্ত্রণকক্ষে বসে ওই জঙ্গিদের দিকনির্দেশ দিচ্ছিল। তিনিই নাকি পাকিস্তানি জঙ্গিদের হিন্দি ভাষা এবং মুম্বইয়ের ভূগোল শেখান, যাতে তারা স্থানীয়দের মতো আচরণ করতে পারে।
জুন্দাল দাবি করেছিল, তাঁকে সৌদি আরব থেকে বেআইনিভাবে ভারতে আনা হয়েছে— এ দাবি প্রমাণে তিনি ২০১৮ সালে কিছু নথি চেয়েছিলেন আদালতের কাছে। তখন বিশেষ আদালত সেই আবেদন মঞ্জুর করেছিল। কিন্তু দিল্লি পুলিশ, বিদেশ মন্ত্রক ও অসামরিক বিমান চলাচল মন্ত্রক সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে যায়। এবার সেই আবেদনে সাড়া দিয়ে নিম্ন আদালতের নির্দেশ বাতিল করল হাইকোর্ট।
জুন্দালের বিরুদ্ধে একাধিক রাজ্যে সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলা চলছে। ২০০৬ সালের ঔরঙ্গাবাদ অস্ত্র মামলায়ও তাঁকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
তদন্তকারী সংস্থাগুলির দাবি, লস্কর কমান্ডোদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল জুন্দালের। এমনকি লস্করের প্রতিষ্ঠাতা হাফিজ সইদের সঙ্গেও তাঁর বৈঠক হয়েছিল। ২০১২ সালে সৌদি আরবে তাঁর অবস্থান শনাক্ত করে ভারতীয় গোয়েন্দারা, এবং পরে তাঁকে দেশে ফেরানো হয়।
২০১৮ সালে শুনানি পর্বে আবুর গ্রেফতারি নিয়ে যখন আদালতে যুযুধান দুই পক্ষ। সেই সময় ‘জঙ্গি কার্যকলাপে যুক্ত’ আবু, আদালতের কাছে কেন্দ্র সরকারকে তাঁর গ্রেফতারি সংক্রান্ত নথি পেশ করার দাবিতে আর্জি জানায়। আবু জুন্দালের সেই আর্জি মঞ্জুর করে আদালত। দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া হয় নথি পেশ করার।
এরপরই ট্রায়াল কোর্টের নির্দেশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা করে দিল্লি পুলিশ, দেশের বিদেশমন্ত্রক। ট্রায়াল কোর্টের নির্দেশকে স্থগিত করার আর্জি জানায় তাঁরা। পাশাপাশি, আবু জুন্দাল সংবেদনশীল নথি চাইছেন বলেই অভিযোগ তোলে সরকার পক্ষ। এই স্থগিতাদেশের আবেদনের জেরেই এতদিন ঝুলেছিল শুনানি। অবশেষে সোমবার বম্বে কেন্দ্রের আবেদনকে বহাল রেখেছে। খারিজ হয়েছে ট্রায়াল কোর্টের নির্দেশ। যার জেরে নতুন করে শুরু হচ্ছে মুম্বই হামলার শুনানি।