প্রত্যক্ষদর্শীদের কথায়, হঠাৎ গাছের পিছন থেকে একটি লোক বেরিয়ে আসে, হাতে ছিল কাঠের ধনুক। লোহার ফলার তির তাক করে ছোড়েন ওই আধিকারিকের দিকে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 May 2025 16:36
দ্য ওয়াল ব্যুরো: ১৯৯৩ সালের রেলওয়ে সংক্রান্ত এক দুর্নীতি (1993 railway scam) সামনে আসার পর লোহার ফলার তিরবিদ্ধ হলেন এক সিবিআই আধিকারিক (CBI Officer)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউতে (Lucknow) গতকাল ঘটেছে এই ঘটনা। আহত ওই সিবিআই আধিকারিকের নাম বীরেন্দ্র সিং।
প্রচণ্ড ব্যস্ত এলাকা হজরতগঞ্জের নাভাল কিশোর রোড, সেখানেই সিবিআইয়ের অফিস। সূত্রের খবর, অফিসের মেন গেটের সামনে সকাল ১১:১৫ নাগাদ ঘটেছে ফলাবিদ্ধ হওয়ার ঘটনাটি।
প্রত্যক্ষদর্শীদের কথায়, হঠাৎ গাছের পিছন থেকে একটি লোক বেরিয়ে আসে, হাতে ছিল কাঠের ধনুক। লোহার ফলার তির তাক করে ছোড়েন ওই আধিকারিকের দিকে। তির তাঁর বুকে বিঁধে যাওয়ার পর মাটিতে পড়ে যান তিনি।
অভিযুক্ত দীনেশ মুর্মু, বিহারের মুঙ্গের জেলার খাদগাপুর জেলার প্রাক্তন রেলওয়ে কর্মচারী। ঘটনার পর অবিলম্বে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সূত্র মারফত জানা গেছে, ১৯৯৩ সালের রেলওয়ে দুর্নীতির এক ঘটনায় সিবিআই তদন্ত শুরু হয়। সেই তদন্তে যুক্ত ছিলেন বীরেন্দ্র এবং দুর্নীতির তকমা লাগায় চাকরি হারায় দীনেশ (রেলওয়ের জুনিয়র এক পদে ছিল সে)। তারপর থেকেই মনে প্রতিহিংসা চেপে রেখেছিল সে, চাকরি হারিয়ে গ্রামে ফেরার পর থেকেই তক্কে তক্কে ছিল সে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, মাসের পর মাস ধরে এই প্ল্যানিং করছিল সে। পুলিশ জানিয়েছে, এই হামলার জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে সে। বীরেন্দ্র একা থাকবে এমন সময় বেছেছিল সে। তখনই সিবিআই অফিসের কাছে গাছের আড়ালে লুকিয়ে এই হামলার প্ল্যান করে সে।
হামলার সঙ্গে সঙ্গেই কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই সিবিআই আধিকারিককে। জানা যায়, বুকের বাঁদিকে ৫ সেন্টিমিটার গভীর ক্ষত হয়েছে। হাসপাতাল জানিয়েছে, এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ডাক্তারদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তবে আরেকটু ডানদিক ঘেঁষে তির এসে লাগলে আঘাত গুরুতর হতে পারত।
তদন্তে দেখার বিষয়, বীরেন্দ্র ইদানিংকালে কি কোনও হুমকি পেয়েছিলেন? বা তাঁকে পিছু করার কোনও ঘটনা আগে ঘটেছে কিনা।