
নিজস্ব চিত্র
শেষ আপডেট: 15 September 2024 13:38
দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টি চলছে উত্তরপ্রদেশে। বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এপর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। এবার সেই বৃষ্টির জেরেই মিরাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিন তলা বাড়ি। বহুতলের নীচে চাপা পড়ে মৃত্যু হল ন'জনের।
পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে মিরাটের জাকির কলোনিতে বাড়িটি ভেঙে পড়ে। নীচে চাপা পড়ে যান ১৫ জন। ১৪ জনকে এপর্যন্ত বের করে আনা হয়েছে। তার মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
যোগী আদিত্যনাথের অফিস থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে বিষয়টির দিকে নজর রেখেছেন। স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারকাজ চলছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসায় যাতে কোনওরকম ত্রুটি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।
এদিকে টানা বৃষ্টির জেরে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। রাজ্যের পাশাপাশি ঘটনাস্থলে রয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও।
টানা বৃষ্টি চলছে উত্তরপ্রদেশে। বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এপর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। গঙ্গায় জলস্তর বৃদ্ধি পাওয়ায় বারাণসীতে নৌকা পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, মৃতের পরিবার পিছু ৪ লাখ টাকা করে দেওয়া হবে। বন্যা কবলিত এলাকায় ৩০টি পশুর মৃত্যু হওয়ায় ৩০জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তিন হাজারেরও বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
এর আগে, চলতি মাসের ৭ তারিখ উত্তরপ্রদেশে একইরকম একটি ঘটনা ঘটে। একটি তিন তলা বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয় ৮ জনের। আহত হন ২৮ জন।