চলতি বছরেই বিএসএফ ও সেনা যৌথভাবে চারবার জঙ্গিদের ভারতে ঢোকার চেষ্টা ব্যর্থ করেছে। সেই অভিযানে মোট ৮ জন জঙ্গি নিহত হয়েছিল। এটি ছিল 'অপারেশন সিঁদুর'-এর অংশ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 December 2025 16:12
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা, লাইন অফ কন্ট্রোল (LoC)-এ এখনও প্রায় ৬৯টি সক্রিয় জঙ্গি ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিগুলিতে প্রায় ১০০–১২০ জঙ্গি (Militants) ভারতে ঢোকার জন্য সুযোগ খুঁজছে। তবে বিএসএফ-ও (BSF) কড়া নজর রেখেছে এবং সেনার (Indian Army) সঙ্গে হাত মিলিয়ে ভারতের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করছে।
বিএসএফ-এর কাশ্মীর ফ্রন্টিয়ার ইনস্পেক্টর জেনারেল অশোক যাদব জানিয়েছেন, গোয়েন্দারা নিয়মিত এইসব ঘাঁটিতে (Terror Launchpads) জঙ্গিদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, "আমাদের G ইউনিট এলওসি বরাবর ৬৯টি জঙ্গি ঘাঁটি পর্যবেক্ষণ করছে। এখানে অন্তত ১২০ জন জঙ্গি ভারতে ঢোকার জন্য ওঁত পেতে রয়েছে।' এছাড়াও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিকটবর্তী জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রগুলিও নজরে রেখেছে।
চলতি বছরেই বিএসএফ ও সেনা যৌথভাবে চারবার সীমান্ত পেরিয়ে জঙ্গিদের ভারতে ঢোকার চেষ্টা ব্যর্থ করেছে। অভিযানে মোট ৮ জন জঙ্গি নিহত হয়েছিল। এটি ছিল 'অপারেশন সিঁদুর'-এর অংশ, যা বিএসএফ-এর এই বছরের সবচেয়ে বড় সাফল্য হিসেবে চিহ্নিত হয়েছে।
ইনস্পেক্টর জেনারেল অশোক যাদব জানিয়েছেন, এই অভিযানে তারা পাকিস্তানের পোস্ট এবং জঙ্গিদের ঘাঁটিতে সঠিক ও শক্তিশালী আক্রমণ চালিয়েছিল। এর ফলে অনেক জঙ্গি ঘাঁটি (Terror Launchpads) ধ্বংস হয়েছে। তবে এখনও বেশ কিছু ঘাঁটি সক্রিয় রয়েছে।
গত এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়। মে মাসে ভারতের 'অপারেশণ সিঁদুর' অভিযানে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। ভারতীয় সেনা দাবি করেছিল, এই অভিযানে ১০০-র বেশি জঙ্গি নিহত হয়েছে।
তবে তারপরও একাধিকবার সীমান্তে জঙ্গি কার্যকলাপ লক্ষ্য করা গেছে। যদিও এক বিএসএফ কর্তা জানিয়েছেন, LoC বরাবর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিএসএফ ও সেনা যৌথভাবে সব ধরনের হুমকি প্রতিহত করছে।